২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারের সহসা ফেরার সম্ভাবনা দেখছেন না আল হিলাল কোচ

আগামী জানুয়ারিতে নেইমারকে পাওয়ার আশা করছেন জর্জে জেসুস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2024, 08:23 PM

Updated : 10 Sep 2026, 12:18 PM

চোটের সঙ্গে লড়াই যেন শেষই হচ্ছে না নেইমারের। তাতে দীর্ঘ হচ্ছে তার মাঠে ফেরার অপেক্ষাও। প্রায় এক বছর ধরে খেলার বাইরে থাকা ব্রাজিলিয়ান তারকার শিগগির ফেরার কোনো সম্ভাবনাও এখন আর দেখছেন না আল হিলাল কোচ জর্জে জেসুস।

ফরাসি ক্লাব পিএসজি থেকে ২০২৩ সালের অগাস্টে সৌদি প্রো লিগের দল আল হিলালে যোগ দেন নেইমার। নতুন ঠিকানায় নিজেকে মানিয়ে নেওয়ার আগেই চোটে পড়েন তিনি। ক্লাবটির হয়ে খেলতে পারেন কেবল পাঁচটি ম্যাচ। 

গত বছরের অক্টোবরে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে হাঁটুতে আঘাত পান নেইমার। কাঁদতে কাঁদতে সেদিন স্ট্রেচারে মাঠ ছেড়েছিলেন তিনি।

এরপর জানা যায়, বাঁ হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ও মেনিসকাস ছিঁড়ে গেছে নেইমারের। করাতে হয় অস্ত্রোপচার। সেই চোট থেকে সেরে ওঠার লড়াই চলছে তার এখনও।

গত জুলাইয়ে অনুশীলনে ফেরেন নেইমার। সেই থেকে তার খেলায় ফেরা নিয়ে জাগে সম্ভাবনা। চলতি মাসে ৩২ বছর বয়সী এই ফুটবলারকে পাওয়ার আশার কথা অগাস্টে শুনিয়েছিলেন আল হিলাল কোচ জেসুস। কিন্তু সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি উড়িয়ে দিলেন সেই সম্ভাবনা।

“আল হিলাল ও লিগের জন্য নেইমার একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে কবে ফিরবে, সে বিষয়ে আমি নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না, তবে আমরা জানুয়ারিতে তার অবস্থা দেখব।”

সৌদি প্রো লিগের দ্বিতীয়ভাগের জন্য আগামী জানুয়ারিতে নেইমারকে নিবন্ধন করতে পারে আল হিলাল।

সৌদি প্রো লিগের নিয়ম অনুযায়ী, ক্লাবগুলো ২১ বছরের বেশি বয়সী সর্বোচ্চ আটজন বিদেশি খেলোয়াড়কে নিবন্ধন করতে পারবে। সেই প্রেক্ষিতে, লিগ অভিযানের প্রথমার্ধের জন্য নেইমারের জায়গায় মার্কোস লিওনার্দোকে নিয়েছে আল হিলাল। চলতি মাসের শুরুতে বেনফিকা থেকে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে দলে টেনেছে ক্লাবটি।

তবে, ফিট হয়ে উঠলে চলমান এএফসি চ্যাম্পিয়ন্স লিগের এলিট প্রতিযোগিতায় খেলতে পারবেন নেইমার। কারণ মহাদেশীয় প্রতিযোগিতায় বিদেশী খেলোয়াড়দের সংখ্যার উপর কোনো বিধিনিষেধ নেই।

২০২৫ সালের অগাস্ট পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তি রয়েছে আল হিলালের।