২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিউস, তবে খেলতে পারবেন সুপার কাপে

রেয়াল মাদ্রিদের আপিলের প্রেক্ষিতে ভিনিসিউসের নিষেধাজ্ঞা কেবল লা লিগার ম্যাচে সীমাবদ্ধ রেখেছে কর্তৃপক্ষ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2025, 04:01 PM

Updated : 26 Aug 2026, 11:33 AM

রেয়াল মাদ্রিদের আশা পূরণ হলো না। শাস্তি পেতেই হচ্ছে ভিনিসিউস জুনিয়রকে। আক্রমণাত্মক আচরণের জন্য ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে স্পেনের ফুটবল অ্যাসোসিয়েশন।

লা লিগার ম্যাচে গত শুক্রবার ভালেন্সিয়া গোলরক্ষক স্তোলে দিমিত্রিয়েভস্কির মুখে আঘাত করায় লাল কার্ড দেখেন ভিনিসিউস। একদিন পর দলটির কোচ কার্লো আনচেলত্তি আশা প্রকাশ করেন, ন্যূনতম দুই ম্যাচ নিষিদ্ধের শাস্তি এড়াতে পারবেন ২৪ বছর বয়সী ফরোয়ার্ড।

তাদের সেই ধারণা ভুল প্রমাণ হলেও, তাদের আপিলের প্রেক্ষিতে ভিনিসিউসের নিষেধাজ্ঞা কেবল লা লিগার ম্যাচে সীমাবদ্ধ রেখেছে কর্তৃপক্ষ। ফলে আসছে সুপার কাপের ম্যাচে তার খেলতে সমস্যা নেই।

সৌদি আরবে অনুষ্ঠেয় চার দলের স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে বৃহস্পতিবার মায়োর্কার মুখোমুখি হবে রেয়াল। আর প্রথম সেমি-ফাইনালে মঙ্গলবার বার্সেলোনা খেলবে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে।

গত আসরের ফাইনালে বার্সেলোনাকে ৪-১ গোলে গুঁড়িয়ে শিরোপা জিতেছিল রেয়াল, ওই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন ভিনিসিউস।

লা লিগায় ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মাদ্রিদের দলটি।