২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেই হৃদয়ভাঙা হারই মাগালাইসের ‘অনুপ্রেরণা’

আর্সেনাল ডিফেন্ডার বলেছেন, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ব্যর্থতা তাকে পুনরায় চেষ্টা করার জন্য আরও দৃঢ়প্রতিজ্ঞ করে তুলেছে।

সেই হৃদয়ভাঙা হারই মাগালাইসের ‘অনুপ্রেরণা’
টাইব্রেকারে ব্যর্থ হওয়ার পর গাব্রিয়েল মাগালাইসের হতাশা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2026, 07:57 PM

Updated : 11 Sep 2026, 03:50 PM

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হারের হতাশা থেকেই অনুপ্রেরণা খুঁজে নিয়েছেন গাব্রিয়েল মাগালাইস। আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার বলেছেন, ওই ব্যর্থতা তাকে পুনরায় চেষ্টা করার জন্য আরও দৃঢ়প্রতিজ্ঞ করে তুলেছে।

বুদাপেস্টে গত ৩০ মে ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ ড্রয়ের পর, টাইব্রেকারে গাব্রিয়েলের শটেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য। আর্সেনালের শেষ শট নিতে আসেন তিনি। লড়াই জিইয়ে রাখতে তাকে গোল করতেই হতো। কিন্তু ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে মারেন তিনি। আর্সেনালের ইউরোপ সেরার ট্রফি জয়ের আশা শেষ হয়ে যায় যন্ত্রণাদায়কভাবে, ৪-৩ ব্যবধানে জিতে উল্লাসে মেতে ওঠে পিএসজি।

কমিউনিটি শিল্ডের শিরোপা লড়াইয়ে রোববার ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে গতবারের প্রিমিয়ার লিগ জয়ী আর্সেনাল। তার আগে টিএনটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মাগালাইস তুলে ধরলেন, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হারকে কীভাবে শক্তিতে পরিণত করেছেন তিনি।

“বিশেষ করে আমার জন্য, (চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হার) একটি অনুপ্রেরণা। অবশ্যই আমরা প্রতিটি ট্রফি জিততে চাই, কিন্তু আমরা প্রক্রিয়াটি জানি। আবার মাঠে নেমে যতটা সম্ভব বেশি ট্রফি জেতার জন্য আমি অনুপ্রাণিত বোধ করছি।”

ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে গত মৌসুমে প্রিমিয়ার লিগে দুই দশকের বেশি সময়ের শিরোপা খরা ঘোচায় আর্সেনাল। তাদের ছুটে চলার পেছনে সমর্থকদের অবদানের কথা তুলে ধরলেন মাগালাইস।

“আমি প্রায় ছয় বছর ধরে এই ক্লাবে আছি। ভক্তরা, ক্লাবের প্রত্যেকে আমাদের জন্য যা করেছে, তার ফলেই আমরা প্রতি বছর ট্রফির জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে সেরা অবস্থানে থাকতে পেরেছি।

“এই অনুপ্রেরণা ভেতর থেকে এবং আমাদের সতীর্থদের কাছ থেকে আসে। আমি দেখতে পাই প্রত্যেক খেলোয়াড়ই জিততে চায়, এর ফলে নিজের সবকিছু উজাড় করে দেওয়ার জন্য আরও বেশি অনুপ্রেরণা পাওয়া যায়।”