১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নির্বাচনে জিতলে ক্লপকে রেয়ালের কোচ করার প্রতিশ্রুতি রিকেলমের

রেয়াল মাদ্রিদের সভাপতি পদপ্রার্থী এনরিকে রিকেলমে চমকপ্রদ এক প্রতিশ্রুতি দিলেন ভোটের লড়াইয়ের আগে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2026, 11:39 AM

Updated : 11 Sep 2026, 03:21 PM

ফ্লোরেন্তিনো পেরেসের চমকপ্রদ প্রতিশ্রুতির পর এনরিকে রিকেলমে জানালেন, তার ঝুলিতেও চমকের শেষ নেই। রেয়াল মাদ্রিদের সভাপতি পদপ্রার্থী এই তরুণ ব্যবসায়ী জানালেন, ভোটে জিতলে ইয়ুর্গেন ক্লপকে ক্লাবের কোচ করে আনবেন তিনি।

২০ বছরের মধ্যে প্রথমবার সভাপতি পদে ভোটের লড়াই হচ্ছে রেয়াল মাদ্রিদে। গত ২৬ বছরের মধ্যে ২৩ বছরই এই পদে থাকা পেরেস ৭৯ বছল বয়সে এবার শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হচ্ছেন ৩৭ বছর বয়সী রিকেলমের কাছ থেকে। নির্বাচনটি হবে রোববার। 

রিকেলমে আগেই ঘোষণা করেছিলেন, সভাপতি হতে পারলে তিনি ক্রীড়া পরিচালক করবেন ক্লাবের কিংবদন্তি রাউল গন্সালেসকে। এছাড়াও তিনি ঘোষণা করেছিলেন, তিনি জিততে পারলে কিংবদন্তি কোচ ভিসেন্তে দেল বস্ক ক্লাবে ফিরবেন পরামর্শক হিসেবে, ম্যানচেস্টার সিটি থেকে তিনি নিয়ে আসবেন আর্লিং হলান্ড ও রদ্রিকে।

পেরেস অবশ্য প্রতিশ্রুতির মালা গাঁথেননি। তবে তিনি ঘোষণা করেছেন, একজনকে ফুটবলারকে দলে আনবেন তিনি, যার পেছনে খরচ হবে অন্তত সাড়ে ১৭ কোটি মার্কিন ডলার, যা হবে ক্লাব রেকর্ড। সেই ফুটবলারের নাম উল্লেখ করেননি তিনি। তবে তার ঘোষণার পর থেকে ফুটবল বিশ্বজুড়ে তোলপাড় পড়ে গেছে সেই ফুটবলারের নাম খুঁজে বের করতে।

সেই আলোচনার জোয়ারে ভিন্ন স্রোত বইয়ে দিতে সময় নিলেন না রিকেলমে। বিবৃতিতে শুক্রবার তিনি জানালেন, ভোটে জিতলে পরের দিনই তার মনোনীত ক্রীড়া পরিচালক রাউল গঞ্জালেস যোগাযোগ করবেন ক্লপের সঙ্গে।

২০২৪ সালে লিভারপুল ছাড়ার পর কোচিংয়ের আর ফেরেননি ক্লপ। তবে রিকেলমের বিশ্বাস, রেয়ালে প্রস্তাব উপক্ষো করতে পারবেন না এই জার্মান কোচ। 

“আমরা জানি, ইয়ুর্গেন ক্লপ প্রকাশ্যে বলেছেন যে, স্বল্প মেয়াদে ডাগআউটে ফেরার কোনো ইচ্ছা তার নেই এবং তিনি অসংখ্য প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। ঠিক এই কারণেই আমরা বিশ্বাস করি যে, রেয়াল মাদ্রিদের চ্যালেঞ্জটি ভিন্ন। কারণ বড় ক্লাব অনেক আছে, কিন্তু রেয়াল মাদ্রিদ একটাই। ঐতিহ্য ও ভবিষ্যৎ, মূল্যবোধ ও উচ্চাকাঙ্ক্ষা, আবেগ ও শ্রেষ্ঠত্বকে একত্রিত করতে সক্ষম এমন প্রতিষ্ঠান একটাই।”

“সেই কারণে, যদি সদস্যরা এই রোববার আমার উপর তাদের আস্থা রাখেন, তবে সোমবার রাউল ব্যক্তিগতভাবে ক্লপের সঙে যোগাযোগ করে তাকে আমাদের ক্রীড়া পরিকল্পনা এবং বেঞ্চ থেকে রেয়াল মাদ্রিদের জন্য একটি নতুন যুগের নেতৃত্ব দেওয়ার ব্যাপারে আমাদের ইচ্ছার কথা জানাবেন।”

পেরেস জিতলে রেয়ালের নতুন কোচ হবেন জোসে মরিনিয়ো, এটা একরকম নিশ্চিতই। তার প্রতি সম্মান আছে রিকেলমেরও। তবে এই সময়ে তিনি রেয়ালের জন্য যোগ্য মনে করছেন ক্লপকেই। 

“আমার মতে মরিনিয়ো একজন অসাধারণ কোচ। তিনি রেয়াল মাদ্রিদসহ বিশ্বের অনেক সেরা দলকে কোচিং করিয়েছেন। কিন্তু তার প্রোফাইল এখন আর যথেষ্ট উপযুক্ত নয় (রেয়ালের জন্য), যদিও এতে এই সত্যটা অস্বীকার করা যায় না যে, তিনি একজন অসাধারণ কোচ।”

“আমরা আমাদের সময়ের সেরা কোচদের একজনের কথা বলছি (ক্লপ)। সর্বোপরি, আমরা এমন একজন নেতার কথা বলছি যিনি রেয়াল মাদ্রিদে সেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা, দৈনন্দিন চাহিদা, পেশাদারিত্ব, মেধাভিত্তিক শাসন, ড্রেসিংরুমের ঐক্য এবং কাজগুলো ভালোভাবে সম্পন্ন করার গর্ব ফিরিয়ে আনতে সক্ষম, যা আমাদের ইতিহাসের স্বর্ণযুগগুলোকে সর্বদা বৈশিষ্ট্যমণ্ডিত করেছে।”

ক্লপের এজেন্ট অবশ্য দ্রুতই স্কাই স্পোর্টসকে বলেছেন, এরকম কোনো সম্ভাবনাই সেই।

“কিছু গল্প ছড়াচ্ছে, যা বিরক্তিকর! ইয়ুর্গেন ক্লপ রেড বুলে তার ভূমিকায় খুশি এবং কোনো ক্লাবে কোচ হিসেবে কাজ করার কোনো উচ্চাকাঙ্ক্ষা তার নেই।”

নবায়নযোগ্য জ্বালানি উদ্যোক্তা রিকেলমে গত মাসে পেরেসের একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হন, যখন তিনি স্প্যানিশ গণমাধ্যমের একাংশের মাধ্যমে তার ও রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে চালানো অপপ্রচার অভিযানের অভিযোগে তড়িঘড়ি নির্বাচনের ঘোষণা দেন।