২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যানচেস্টার সিটির অনুরোধ ফিরিয়ে দিল ইপিএল

ক্লাব বিশ্বকাপ শেষে বাড়তি সময় চেয়ে আশাহত হলো প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2024, 05:29 PM

Updated : 26 Aug 2026, 10:36 AM

ব্যস্ত সূচির ধকল সামলে নিতে বাড়তি সময় চেয়েও পেল না ম্যানচেস্টার সিটি৷ ক্লাবটির অনুরোধ রাখল না প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।

নতুন ফরম্যাটের ক্লাব বিশ্বকাপ শেষ করে কিছুটা সময় পেতে প্রিমিয়ার লিগের ২০২৫-২৬ মৌসুমের প্রথম দুই ম্যাচ পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছিল সিটি। দলটির কোচ পেপ গুয়ার্দিওলা জানিয়েছেন, তাদের সেই আশা পূরণ হয়নি।

এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেয়নি লিগ কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রে আগামী বছরের ১৫ জুন শুরু হবে মাসব্যাপী ক্লাব বিশ্বকাপ। সিটি ছাড়াও ইংল্যান্ড থেকে এই টুর্নামেন্টে খেলবে চেলসি। এরপর অগাস্ট থেকে মাঠে গড়াবে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম।

বর্ধিত ক্লাব বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগের সঙ্গে ঠাসা সূচি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে অনেক দিন ধরেই। পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংস্থা ফিফপ্রো এক প্রতিবেদনে জানিয়েছে, কিছু খেলোয়াড় বিশ্রামের জন্য বছরে মাত্র ১২ শতাংশ সময় পাবেন।

গত মাসে সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি বলেছিলেন, এই ব্যস্ত সূচির প্রতিবাদে ধর্মঘটের ডাক দেওয়ার খুব কাছে ফুটবলাররা। বর্তমানে হাঁটুর চোটে বাইরে আছেন তিনি।