Published : 01 Jul 2026, 08:06 PM
বিশ্বকাপের শুরুটা হয়েছিল একেবারেই এলোমেলো, অগোছালো পারফরম্যান্সে হারতে হয়েছিল প্রথম দুই ম্যাচেই। তবে সেই ব্যর্থতা নিয়ে এখন আর ভাবতে চান না সেনেগাল কোচ পাপ চাও। নকআউট পর্বে বেলজিয়ামের মুখোমুখি হওয়ার আগে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, তার দল গ্রুপ পর্বের হতাশা ঢেকে দিতে পারবে।
সিয়াটলে শেষ বত্রিশের লড়াইয়ে বেলজিয়ামের মুখোমুখি হবে সেনেগাল। বাংলাদেশ সময় বুধবার রাত দুইটায় শুরু হবে ম্যাচটি।
চলতি উত্তর আমেরিকা বিশ্বকাপে, নিজেদের প্রথম দুই ম্যাচে ফ্রান্স ও নরওয়ের বিপক্ষে হারে সেনেগাল, হজম করে মোট ছয়টি গোল। সেই ধাক্কা সামলে গ্রুপের শেষ ম্যাচে ইরাককে ৫-০ গোলে গুঁড়িয়ে নকআউটে ওঠার আশায় থাকে আফ্রিকার দলটি এবং শেষ পর্যন্ত গোল ব্যবধানে ভালো অবস্থানে থেকে সেরা আটটি তৃতীয় দলের একটি হয়ে পার করে গ্রুপ পর্বের বৈতরণী।
লড়াইয়ে নামার আগের দিন সংবাদ সম্মেলনে বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া সেনেগালের শক্তি নিয়ে দলকে সতর্ক করে দিয়েছেন। তার মতে, গ্রুপের তৃতীয় হয়ে নকআউটে ওঠা আটটি দলের মধ্যে সেনেগাল সবচেয়ে শক্তিশালী।
চাও মেনে নিচ্ছেন, টুর্নামেন্টে তার দল ভালো শুরু করেনি। তবে, বেলজিয়ামের বিপক্ষে তার ছেলেরা খেই হারাবে না বলেই বিশ্বাস এই কোচের।
“ইরাকের বিপক্ষে আমাদের জিততেই হতো এবং এখন আমরা (নকআউটে খেলা) যোগ্যতা অর্জন করেছি। এখন নতুন এক প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে এবং আমরা যেকোনো মূল্যে এই ম্যাচটি জিততে চাই।”
মরক্কোর বিপক্ষে নেদারল্যান্ডসের হেরে ছিটকে যাওয়ার উদাহরণ টেনে চাও বলেন, “আগামীকাল (বুধবার) থেকে আমাদের জন্য নতুন এক প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে এবং বিষয়টা এমন নয় যে, আপনি গ্রুপ সেরা হয়ে এসেছেন বলে বাদ পড়বেন না।”
কেবল নেদারল্যান্ড নয়, প্যারাগুয়ের বিপক্ষে হেরে নকআউট পর্বের প্রথম ধাপে বিদায় নিয়েছে চারবারের বিশ্বকাপজয়ী জার্মানিও।