২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠের পাশের ‘শক্ত দেয়াল’ নিষিদ্ধ করল এফএ

ন্যাশনাল লিগ সিস্টেমের সব পর্যায়ে মাঠের জন্য এই নিষেধাজ্ঞা দিয়েছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2026, 09:46 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

আর্সেনালের একাডেমির সাবেক ফুটবলার বিলি ভিগারের মৃত্যুর পর নড়েচড়ে বসেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ)। মর্মান্তিক সেই ঘটনার পর ন্যাশনাল লিগ সিস্টেমের সব পর্যায়ে মাঠের পাশের ‘শক্ত দেয়াল’ নিষিদ্ধ করেছে সংস্থাটি।

গত বছর সপ্তম স্তরের ক্লাব চিচেস্টার সিটির হয়ে ইস্থমিয়ান লিগ প্রিমিয়ার ডিভিশনের ম্যাচ খেলার সময় মাঠের পাশের একটি কংক্রিটের দেয়ালে মাথায় আঘাত পান ভিগার। মস্তিষ্কে গুরুতর চোটে পরে মৃত্যুবরণ করেন ২১ বছর বয়সী ফুটবলার।

সেই ঘটনার পর দেয়াল ও সীমানাবেষ্টনীর নিরাপত্তা পর্যালোচনার উদ্যোগ নেয় এফএ। যার প্রেক্ষিতে শুক্রবার এই নিষেধাজ্ঞা জারি করেছে তারা।

“বিদ্যমান যেকোনো শক্ত ইট, ব্রিজ ব্লক বা কংক্রিটের প্রতিবন্ধকতা যত দ্রুত সম্ভব সরাতে হবে। তবে কাঠামোগত কারণে যদি তা সরিয়ে ফেলা সম্ভব না হয়, তবে উপযুক্ত সুরক্ষামূলক আবরণ দিয়ে ঢেকে দিতে হবে। এই পর্যায়ের ক্লাবগুলোকে আমরা জানিয়েছি, নতুন নিয়মের ফলে তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।”

২০২৬-২৭ মৌসুমকে সামনে রেখে স্বাধীন স্বাস্থ্য ও নিরাপত্তা বিশেষজ্ঞদের মাধ্যমে এই পর্যালোচনা করা হয়েছে। পরিবর্তনগুলো বাস্তবায়নে সহায়তার জন্য এফএ ও প্রিমিয়ার লিগ অর্থায়ন করবে।