১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হামজার দল লেস্টার সিটির অবনমন

২০১৬ সালে অবিশ্বাস্যভাবে প্রিমিয়ার লিগ জয়ের এক দশক পর তৃতীয় বিভাগে নেমে গেল লেস্টার সিটি।

হামজার দল লেস্টার সিটির অবনমন
ফাইল ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2026, 04:35 AM

Updated : 26 Aug 2026, 03:27 PM

আজ থেকে ১০ বছর আগে যে ক্লাবটি বাজিকরদের সব হিসেব-নিকেশকে বুড়ো আঙুল দেখিয়ে উঁচিয়ে ধরেছিল প্রিমিয়ার লিগের ট্রফি, সেই লেস্টার সিটি ধারাবাহিক অবনমনে নেমে গেল তৃতীয় স্তরে।

গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমন হওয়া লেস্টার টানা দ্বিতীয় মৌসুমে পতনের ধারা ধরে রাখল। ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপে এবার ৪৪ ম্যাচ খেলে কেবল ১১টি জিততে পেরেছে।

আসরে সবশেষ ম্যাচে মঙ্গলবার রাতে তাদের সামনে আশা বাঁচিয়ে রাখার একটা সুযোগ ছিল। কিন্তু টেবিলের সপ্তম স্থানে থাকা হাল সিটির বিপক্ষে কাঙ্ক্ষিত জয় পায়নি তারা, করে ২-২ ড্র।

বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চৌধুরীর দল লেস্টারের এমন গুরুত্বপূর্ণ ম্যাচ তাদের মাঠে হওয়ার পরও, এদিন গ্যালারির অনেক আসন ফাঁকা পড়ে ছিল। 

হাল সিটির বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে বদলি নেমে এক মিনিট খেলার সুযোগ পান ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা।

৪৪ ম্যাচ খেলে ১৮টিতে হেরেছে লেস্টার। ৪২ পয়েন্ট নিয়ে ২৪ দলের মধ্যে আছে ২৩ নম্বরে।

দিনের আরেক ম্যাচে পোর্টসমাউথকে ৫-১ গোলে বিধ্বস্ত করে চ্যাম্পিয়নশিপের শিরোপা নিশ্চিত করেছে কভেন্ট্রি সিটি। দুই ম্যাচ বাকি থাকতে দ্বিতীয় স্থান থেকে ১০ পয়েন্টে এগিয়ে গেছে তারা।

ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের কোচিংয়ে আগেই প্রিমিয়ার লিগের টিকেট নিশ্চিত করেছে কভেন্ট্রি।