কক্ষপথে ফিরতে সিটির লড়াইটা আসলে নিজেদের সঙ্গেই
ব্যর্থতা আষ্টেপৃষ্ঠে ঘিরে ধরার পর প্রিমিয়ার লিগে টানা চারবারের চ্যাম্পিয়নদের আত্মবিশ্বাস যেন ঠেকেছে তলানিতে।
আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষকে নাজেহাল করে তোলা, অন্যপাশের রক্ষণকে ছিন্নভিন্ন করে দেওয়া-এগুলোই গত কয়েক বছরের ম্যানচেস্টার সিটির দাপটের উল্লেখযোগ্য দিক। সেই তাদেরকে এখন চেনা দায়। ব্যর্থতা আষ্টেপৃষ্ঠে ঘিরে ধরার পর দলটির আত্মবিশ্বাস যেন ঠেকেছে তলানিতে।
সবশেষ শনিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে অ্যাস্টন ভিলার মাঠে পুরোটা সময় দ্বিতীয় সেরা দল হয়ে থেকে ২-১ গোলে হেরেছে সিটি। জন দুরানের গোলে দলটি পিছিয়ে পড়ার পর তাদের জালে দ্বিতীয়ার্ধে দ্বিতীয় গোলটি করেন মর্গ্যান রজার্স। শেষ দিকে কোনোমতে একটি শোধ করতে পারেন ফিল ফোডেন।
ব্যর্থ পথচলায় দিন যত যাচ্ছে, কপালে তত ভাঁজ বাড়ছে দলটির কোচ পেপ গুয়ার্দিওলার। তবে গুরুদায়িত্বে থেকে তো আর হতাশ হলে চলে না, কিংবা সেটা হলেও প্রকাশ করা চলবে না। তাইতো, দলের ক্ষয়ে যাওয়া আত্মবিশ্বাস ফেরাতে ইতিবাচক থাকার চেষ্টা করছেন এই স্প্যানিশ কোচ।
“আমাদের ইতিবাচক চিন্তা করতে হবে এবং খেলোয়াড়দের ওপর আমার অগাধ বিশ্বাস আছে। তাদের অনেকে দলকে পথে ফেরাতে বদ্ধপরিকর। আমাদের একটা পথ খুঁজে বের করতেই হবে; ধাপে ধাপে, শীঘ্রই বা একটু দেরিতে পথ মিলে যাবে।”
ভিলার মাঠে এই নিয়ে টানা তিনটি লিগ ম্যাচে জিততে ব্যর্থ হলো সিটি। এখানে ২০২২ সালে ১-১ ড্রয়ের পর গত ডিসেম্বরে গুয়ার্দিওলার দল হেরেছিল ১-০ গোলে।
আর প্রিমিয়ার লিগে এই নিয়ে টানা দুই এবং সবশেষ আট ম্যাচের ছয়টিতে হারল সিটি; জিতেছে মাত্র একটি, অন্যটি ড্র।
দুই মৌসুম আগে সিটিতে যোগ দিয়েই দলের মধ্যমণি হয়ে ওঠা এবং মুড়ি-মুড়কির মতো গোল করে চলা আর্লিং হলান্ডও নিজেকে হারিয়ে খুঁজছেন। ভিলার বিপক্ষেও তাকে দেখা যায়নি চেনা রূপে। বলা যায়, এক মুহূর্তের জন্যও ভয়ঙ্কর হয়ে উঠতে পারেননি তিনি।
ম্যাচ শেষে আত্মসমালোচনা করতে দ্বিধা করলেন না ২৪ বছর বয়সী নরওয়ের তারকা।
“প্রথমে, আমি নিজের ওপর নজর দিব। আমি বেশ কিছুদিন ধরে (আমার দায়িত্ব) ঠিকঠাক পালন করতে পারছি না, সুযোগ পেয়েও কাজে লাগাতে পারছি না। আমাকে ভালো করতে হবে, (সাম্প্রতিক সময়ে) আমি যথেষ্ট ভালো খেলিনি।”
“অবশ্যই আমাদের আত্মবিশ্বাস সেরা অবস্থায় নেই। আমরা জানি, আত্মবিশ্বাস থাকা কতটা গুরুত্বপূর্ণ এবং এটা সবার ওপর প্রভাব ফেলে। বিষয়টা এমনই, আমাদের এগিয়ে যেতে হবে এবং পরিস্থিতি যত কঠিনই হোক, ইতিবাচক থাকতে হবে।”
হতাশার এই যাত্রায় লিগ টেবিলেও আরেক ধাপ অবনমন হয়েছে সিটির। ১৭ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেছে টানা চারবারের চ্যাম্পিয়নরা। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে পাঁচে ভিলা।
শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে এরই মধ্যে ৯ পয়েন্টে পিছিয়ে পড়েছে সিটি, আর্না স্লটের দল আবার দুটি ম্যাচ কম খেলেছে। তাই, এই প্রেক্ষাপটে গুয়ার্দিওলার দলের শিরোপা ধরে রাখার সম্ভাবনাটাই যেন সবার ভাবনার বাইরে চলে গেছে। কদিন আগে কোচ নিজেও যেমন ট্রফির লড়াই নিয়ে ভাবনায় যেতেই চাননি।
সবশেষ ভিলার মাঠে অগোছালো, অপরিকল্পিত পারফরম্যান্সের পর খেলোয়াড়দের দুদিনের ছুটি দিয়েছেন কোচ। তার মতে, টানা ব্যর্থতা তাদের কৌশলগত সমস্যা বা খেলোয়াড়দের সামর্থ্যের ঘাটতির কারণে নয় বরং পুরোটাই মানসিক। মনের সেই বাধা দূর করতে পারলে, পুরোনো বিশ্বাস ফিরে পেলেই পুনরায় স্বরূপে দেখা যাবে ম্যানচেস্টার সিটিকে।
