Published : 24 Jul 2026, 03:43 PM
দুই পক্ষের মধ্যে অনেক দিনের আলোচনায় মিলল সুফল। বিশ্বকাপে ব্যর্থ অভিযানের পর, জাতীয় দলকে সঠিক পথে ফেরাতে ইয়ুর্গেন ক্লপকে দায়িত্ব দিয়েছে জার্মানি।
জার্মানির ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে শুক্রবার খবরটি নিশ্চিত করা হয়েছে। চার বছরের চুক্তিতে নতুন দায়িত্বে কাজ শুরু করতে যাচ্ছেন ক্লপ।
আন্তর্জাতিক ফুটবলে অনেক বছর ধরেই সময়টা ভালো যাচ্ছে না জার্মানির। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর, এবার উত্তর আমেরিকা আসরে ইউলিয়ান নাগেলসমানের কোচিংয়ে ভালো কিছুর আশায় ছিল দলটি। তারা শুরুটাও করেছিল দারুণ; কিন্তু পথ হারিয়ে প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে হেরে শেষ বত্রিশ থেকে ছিটকে যায় দলটি।
ওই ব্যর্থতার পরও শুরুতে দায়িত্বে থেকে যেতে চেয়েছিলেন নাগেলসমান। কিন্তু পরে প্রবল সমালোচনার মুখে সরে দাঁড়ান তিনি। সেই থেকে, দলকে কক্ষপথে ফেরাতে ক্লপকে পাওয়ার চেষ্টায় ছিল জার্মানি।
চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে, দেশটির ফুটবল ফেডারেশনের পক্ষ থেকেই ক্লপের সঙ্গে প্রাথমিক আলাপের খবর দেওয়া হয়েছিল। তখন কিছু শর্তে সমঝোতা না হলেও, তারা খুব আশাবাদী ছিলেন। এবার সাফল্যের দেখাও মিলে গেল।
দীর্ঘ ও দারুণ সফল কোচিং ক্যারিয়ারে প্রথমবার স্বদেশের জাতীয় দলের দায়িত্ব পেয়ে খুব খুশি ক্লপ।
“জাতীয় দল যেভাবে আমাদেরকে জার্মান হিসেবে ঐক্যবদ্ধ করতে পারে, অন্য কোনো কিছু সেভাবে পারে না। আর এটাই এই দায়িত্বকে আরও স্পেশাল করে তোলে।
“রেড বুলে গত দেড় বছরে যত অভিজ্ঞতা হয়েছে এবং যা কিছু শিখেছি, এবং যে খোলাখুলি আলোচনার মাধ্যমে এই চুক্তি সফল হয়েছে, সেজন্য আমি কৃতজ্ঞ।”
বোর্ডের বিবৃতিতে দারুণ কিছুর প্রতিশ্রুতিও দিয়েছেন ক্লপ। তবে সাফল্য পেতে ধৈর্য ধরার প্রয়োজনের কথাও তুলে ধরেন তিনি।
“এখন আমি জার্মান ফুটবলে এই স্পেশাল দায়িত্ব নিতে মুখিয়ে আছি, যেই কাজ আমরা নম্রতা ও ধৈর্যের সঙ্গে পালন করব। এমন একটা দল গড়ে তুলব যেখানে সবাই একে অপরের জন্য লড়বে, যে দল ফুটবল উপভোগ করবে এবং যে দলের ওপর আমাদের দেশের মানুষ পুরোপুরি বিশ্বাস রাখবে।”
ফুটবল ক্যারিয়ারের ইতি টানার পর, ২০০১ সালে কোচিংয়ে যাত্রা শুরু করেন ক্লপ। জার্মান ক্লাব মাইন্সকে সাত বছর কোচিং করানোর পর, তিনি বরুশিয়া ডর্টমুন্ডের দায়িত্ব নেন। দলটিকে দুটি বুন্ডেসলিগাসহ অনেক শিরোপা জেতান তিনি।
কোচিং ক্যারিয়ারে ক্লপ সেরা সময় কাটান লিভারপুলে। ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত ছিলেন লিভারপুলের ডাগআউটে। ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির হয়ে ৯ বছরের অধ্যায়ে লিগ, চ্যাম্পিয়ন্স লিগসহ সম্ভাব্য সব বড় শিরোপা জয়ের স্বাদ পান তিনি।
২০২৪ সালে লিভারপুল ছাড়ার পর, রেড বুল’সের গ্লোবাল হেড অব সকারের দায়িত্ব নেন ক্লপ। এবারের বিশ্বকাপে জার্মানির একটি টেলিভিশনে বিশেষজ্ঞ হিসেবেও কাজ করেন তিনি।