‘২০১৪ বিশ্বকাপ যেন মেসির হাতে না ওঠে’, প্রার্থনা করেছিলেন রোনালদো!
মেসির হাতে ২০২২ বিশ্বকাপ দেখাটা রোনালদোর জন্য দুঃস্বপ্নের রাত ছিল-এমনটা দেখানো হয়েছে ওই তথ্যচিত্রে।
ক্রিস্তিয়ানো রোনালদোকে নিয়ে তৈরি তথ্যচিত্রে উঠে আসা নানা তথ্যের ভিড়ে আছে চমকপ্রদ দুটি অংশ। সেটি লিওনেল মেসি এবং ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ ঘিরে। ওই দুটি বিশ্বকাপের সময় প্রবল প্রতিদ্বন্দ্বী মেসিকে নিয়ে রোনালদোর চাওয়া, প্রার্থনা এবং টুর্নামেন্ট পরবর্তী ব্যক্তিগত অনুভূতি উঠে এসেছে নিপুণভাবে।
২০১৪ বিশ্বকাপের আসর বসেছিল লাতিন আমেরিকায়, ব্রাজিলে। সেবার ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা ও জার্মানি। রিও দে জেনেইরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামের আঙিনায় সেবার পারেনি আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে গড়ানো ফাইনালে ১-০ গোলে জার্মানির কাছে হেরে স্বপ্ন ভাঙে মেসিদের।
তথ্যচিত্রের বরাত দিয়ে মার্কা লিখেছে, ওই ফাইনালে আগে মা মেরির কাছে কায়মনে প্রার্থনা করেছিলেন রোনালদো, মেসির মাথায় যেন কোনোভাবেই না ওঠে বিশ্বকাপের মুকুট। পর্তুগিজ মহাতারকা এটাও জানিয়েছেন, ম্যাচ শেষের বাঁশি শোনামাত্র ‘স্বস্তি’ অনুভব করেছিলেন তিনি।
২০২২ সালের রাতটি রোনালদোর জন্য ছিল বিপরীত অনুভূতির। দোহার লুসাইল স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের অনির্বচনীয় স্বাদ নিয়েছিলেন মেসি।
নির্ধারিত ও অতিরিক্ত সময়ের ৩-৩ ড্র ম্যাচে জোড়া গোল করা মেসি টাইব্রেকারেও পেয়েছিলেন জালের দেখা। ক্লাব ফুটবলে ভুরিভুরি শিরোপা জেতা আর্জেন্টাইন তারকা প্রথমবার পেয়েছিলেন বিশ্বজয়ের স্বাদ। সাত গোল নিয়ে হয়েছিলেন প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ও।
ব্যক্তিগত ও দলীয়ভাবে প্রতিদ্বন্দ্বী মেসির মুঠোভরে পাওয়ার ওই রাত রোনালদোর জন্য কেমন ছিল, সেটাও উঠে এসেছে তথ্যচিত্রে। তিনি অকপটে-জানিয়েছেন, সেটি তার জন্য ছিল ‘দুঃস্বপ্নের রাত’।
