লিভারপুল ম্যাচে উদযাপনের জন্য শাস্তি পেলেন চেলসি কোচ
নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানাও করা হয়েছে এন্টসো মারেস্কাকে।
ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে জয়ের ম্যাচে অসদাচরণের দায়ে শাস্তি পেয়েছেন চেলসি কোচ এন্টসো মারেস্কা। টাচলাইনে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাকে।
ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) বুধবার এক বিবৃতিতে মারেস্কার শাস্তির কথা জানিয়েছে। নিষেধাজ্ঞার পাশাপাশি তাকে আট হাজার পাউন্ড জরিমানাও করা হয়েছে।
এই মাসের শুরুর দিকে স্ট্যামফোর্ড ব্রিজে রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলকে ২-১ গোলে হারায় চেলসি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে জয়সূচক গোলটি করেন এস্তেভোঁ। ওই গোলের পর ডাগআউট থেকে এক ছুটে কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে বুনো উল্লাসে মাতেন মারেস্কা। দ্বিতীয় হলুদ কার্ড দেখে বহিষ্কার হন তিনি।
ম্যাচ চলাকালীন অনুপযুক্ত আচরণের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। এফএ জানিয়েছে, অভিযোগ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন মারেস্কা।
নিষেধাজ্ঞার ফলে আগামী শনিবার প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচে টাচলাইনে থাকতে পারবেন না তিনি।
সাত ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সপ্তম স্থানে আছে চেলসি। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে তারা পিছিয়ে আছে ৫ পয়েন্টে।
