শিরোপা সম্ভাবনার ‘শেষ’ দেখছেন না আর্সেনাল কোচ
মৌসুমের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার কথা বললেন আর্সেনালের মিডফিল্ডার ডেকলান রাইস।
আর্সেনালের কোচ হিসেবে প্রিমিয়ার লিগে মিকেল আর্তেতার ২০০তম ম্যাচের উপলক্ষ জয়ে রাঙাতে পারেননি তার খেলোয়াড়রা। ফের পয়েন্ট হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুলের চেয়ে ১৫ পয়েন্টে পিছিয়ে আছে তারা। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দলের পারফরম্যান্স নিয়ে হতাশ হলেও নিজেদের সম্ভাবনা এখনই শেষ হয়ে যায়নি বলে মনে করেন আর্তেতা।
ওল্ড ট্র্যাফোর্ডে রোববার লিগ ম্যাচটি ১-১ ড্র করে আর্সেনাল। প্রথমার্ধে ব্রুনো ফের্নান্দেসের গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে সমতা টানেন ডেকলান রাইস।
২৮ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আর্সেনাল। ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। আর্না স্লটের দল অবশ্য এক ম্যাচ বেশি খেলেছে।
লিগে টানা তিন ম্যাচে পয়েন্ট হারাল সবশেষ ২০০৪ সালে লিগ শিরোপা জেতা আর্সেনাল। ঘরের মাঠে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলে হারের পর নটিংহ্যাম ফরেস্টের মাঠে গোলশূন্য ড্র করে তারা। মাঝে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে পিএসভি আইন্দহোভেনকে ৭-১ গোলে উড়িয়ে দিলেও, ঘরোয়া লিগে ফিরে ভালো করতে পারল না দলটি।
শিরোপা সম্ভাবনা শেষ হয়ে গেল কি-না, ম্যাচ শেষে এমন প্রশ্নে আর্তেতা বলেন, “আমি তা বলতে চাই না।”
“আজ (রোববার) হতাশাজনক ব্যাপার হলো আমরা ম্যাচটা জিততে পারিনি। আমরা গুরুত্বটা জানি, (শিরোপা জয়ের) কোনো সুযোগ পেতে চাইলে আমাদের প্রতিটি ম্যাচ জিততে হবে।”
ইউনাইটেডের বিপক্ষে গোল করা মিডফিল্ডার রাইস বললেন, মৌসুমের শেষ পর্যন্ত লড়ে যেতে চান তারা।
“ম্যানেজার যেমনটা বলেছেন, আমরা মৌসুমের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। লিভারপুল গোটা মৌসুম অসাধারণ খেলছে। আমরা আর্সেনাল। চোট আমাদের ভুগিয়েছে। আমরা লড়াই চালিয়ে যাব।”
