‘দুইটা গোল ফেরানো উচিত ছিল’, বাংলাদেশের বিপক্ষে হেরে বললেন ভারত কোচ
উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে খেলা আগেই নিশ্চিত হওয়ায় বাংলাদেশ ম্যাচে কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে চেয়েছিলেন ভারত কোচ।
পাকিস্তান ম্যাচের চেয়েও বাংলাদেশের বিপক্ষে ‘আরও বেশি আক্রমণাত্মক ফুটবল’ খেলার বার্তা দিয়েছিলেন সান্তোস কশ্যাপ। ভারত কোচের সেই চাওয়া পূরণ হয়নি। বরং হারের তেতো স্বাদ নিয়ে মাঠ ছেড়েছে তার দল। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় দুটি গোল নিয়ে উষ্মা প্রকাশ করলেন সান্তোস।
সেই গোল দুটি হচ্ছে, ১৮তম মিনিটে আফিদা খাতুনের করা প্রথম ও ৪২তম মিনিটে তহুরা খাতুনের করা ম্যাচের তৃতীয় গোলটি। বক্সের ভেতর থেকে নিখুঁত শটে লাফিয়ে ওঠা গোলরক্ষকের মাথার উপর দিয়ে জাল খুঁজে নেন আফিদা। আর ৪২তম মিনিটে শট নেওয়ার সুযোগ ছিল না শামসুন্নাহার জুনিয়রের সামনে, তিনি বল বাড়ান বক্সের বাইরে তহুরাকে। দৃষ্টিনন্দন কোনাকুনি শটে স্কোরলাইন ৩-০ করেন এই ফরোয়ার্ড।
প্রথমার্ধে বালা দেবি ম্যাচে ফেরা গোল এনে দিলেও দ্বিতীয়ার্ধে ৩-১ স্কোরলাইনে কোনো বদল আনতে পারেননি ভারত। হেরে হয় ‘এ’ গ্রুপের রানার্সআপ। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় ভারত কোচ বললেন, পাকিস্তানের বিপক্ষে জয়ে সেরা চার নিশ্চিত হওয়ায় কিছু পরীক্ষা করতে চেয়েছিলেন তিনি।
“যেহেতু জানতাম, সেমি-ফাইনাল খেলব, তার আগে আমি কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে চেয়েছিলাম। দ্বিতীয়ার্ধে আমরা চমৎকার খেলেছি, মনিষা এবং বালা যে সুযোগগুলো নষ্ট করেছে, সেগুলো যদি পেতাম, তাহলে হয়ত জিততে পারতাম। প্রথম গোলটা আমাদের হজম করা উচিত হয়নি, তৃতীয়টাও…আমি মনে করি, সেটা আমাদের ফেরানো উচিত ছিল।”
সেমি-ফাইনালে হয়ত নেপালের মুখোমুখি হতে হবে ভারতকে। গতবার স্বাগতিকদের কাছে হেরেই সেমি-ফাইনাল থেকে বিদায় নিয়েছিল প্রতিযোগিতার রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নরা। নেপালকে নিয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশেরও প্রশংসা করলেন ভারত কোচ।
“দেখুন, আমি এই টুর্নামেন্ট শুরুর আগে বলেছিলাম, সবগুলোই লড়াকু দল। প্রতিটি দলই ট্যাকটিক্যালি শক্তিশালী। অবশ্যই নেপাল ভালো দল, আমরাও ভালো দল, বাংলাদেশও ভালো দল। পাকিস্তান বিস্মিত করেছে।”
