২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরুষ খেলোয়াড়দের হাতাহাতি থামাতে গিয়ে আহত নারী রেফারি

ঘটনাটি ঘটে ‘রেফারিকে সম্মান করুন’ লেখা একটি বড় সাইনবোর্ডের সামনে!

পুরুষ খেলোয়াড়দের হাতাহাতি থামাতে গিয়ে আহত নারী রেফারি
রেফারিকে পরীক্ষা করছেন চিকিৎসাকর্মীরা। ছবি: ভিডিও থেকে স্ক্রিনশট

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2026, 08:03 PM

Updated : 11 Sep 2026, 03:44 PM

ফরাসি ক্লাব মেস ও নেদারল্যান্ডসের ফরচুনা সিটার্ডের প্রীতি ম্যাচে পুরুষ খেলোয়াড়দের হাতাহাতি থামাতে গিয়ে মাটিতে পড়ে মাথায় আঘাত পান নারী রেফারি। পরে আর দায়িত্ব চালিয়ে যেতে পারেননি তিনি।

পূর্ব ফ্রান্সের ফবাখে শনিবার ঘটে এই ঘটনা। ম্যাচটি ৩-১ গোলে হারা ফরচুনা সিটার্ড তাদের ওয়েবসাইটে ঘটনাটিকে ‘উল্লেখযোগ্য মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেছে, কিন্তু এ বিষয়ে আর কোনো মন্তব্য করেনি। মেস তাদের ওয়েবসাইটে এই ঘটনা সম্পর্কে কিছু লেখেনি।

ম্যাচের ৪০তম মিনিটে মাঝমাঠে মেসের এক খেলোয়াড় প্রতিপক্ষের জার্সি টেনে ধরলে ঘটনার সূত্রপাত হয়। এই দুই খেলোয়াড় একে অপরের মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অন্য খেলোয়াড়রাও সেখানে ছুটে আসে। শুরু হয় তুমুল ধাক্কাধাক্কি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হস্তক্ষেপ করতে ছুটে যাওয়া রেফারি মাতিল্দ পেছন দিকে মাটিতে সজোরে পড়ে যান এবং মাথায় আঘাত পান।

এই ঘটনাটি ঘটে ‘রেফারিকে সম্মান করুন’ লেখা একটি বড় সাইনবোর্ডের সামনে!

রেফারি মাতিল্দ বেশ কয়েক মিনিট ধরে মাঠে পড়ে ছিলেন। সহকারী রেফারি, নিরাপত্তা কর্মী ও চিকিৎসাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং তার অবস্থা পরীক্ষা করতে মাঠে ছুটে আসেন।

খেলা পুনরায় শুরু হওয়ার পর ২৬ বছর বয়সী মাতিল্দ সহকারী রেফারির দায়িত্ব গ্রহণ করেন, কিন্তু বিরতির সময় তিনি মাঠ ছেড়ে চলে যান এবং অন্য একজন সহকারী রেফারি তার দায়িত্ব পালন করেন।