২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডাগআউটে বাবা ফন পের্সি, মাঠে ছেলের বাইসাইকেল কিকে গোল

ফেইনর্টের সিনিয়র দলের হয়ে প্রথম ও দ্বিতীয় গোল পরপর দুই মিনিটে করলেন রবিন ফন পের্সির ছেলে শাকিল ফন পের্সি।

ডাগআউটে বাবা ফন পের্সি, মাঠে ছেলের বাইসাইকেল কিকে গোল
শাকিল ফন পের্সির বাইসাইকেল কিকে গোলের মুহূর্ত। ছবি: স্ক্রিনশট

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2026, 03:37 AM

Updated : 26 Aug 2026, 05:35 PM

বক্সের বাইরে থেকে বুটের টোকায় ক্রস করলেন লুসিয়ানো ভালেন্ট। সঙ্গে লেগে থাকা প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সামনে থেকে শূন্যে ভেসে বাইসাইকেল কিক নিলেন শাকিল ফন পের্সি। এক ড্রপ খেয়ে কাছের পোস্ট দিয়ে জালে জড়াল বল। উঠে দাঁড়িয়ে উদযাপনে মাতলেন তিনি। ডাগআউটে হাততালি দিয়ে যাচ্ছেন তখন রবিন ফন পের্সি। নাম দেখে দুজনের সম্পর্কটা আন্দাজ করতে পারার কথা!

ডাগআউটে বাবা রবিন ফন পের্সিকে সাক্ষী রেখেই ফেইনর্টের সিনিয়র দলের হয়ে প্রথম ও দ্বিতীয় গোল পরপর দুই মিনিটে করলেন শাকিল ফন পের্সি। উপলক্ষটা যদিও রাঙিয়ে রাখতে পারেননি তিনি ও তার দল। ডাচ লিগে রোববার রটারডাম ডার্বিতে নাটকীয় লড়াইয়ে স্পার্টার বিপক্ষে ৪-৩ গোলে হেরে গেছে ফেইনর্ট।

ম্যাচের ৬৩তম মিনিটে শাকিলকে বদলি নামান কোচ রবিন। ঘরের মাঠে তখন ২-০ গোলে পিছিয়ে তার দল। পরের মিনিটে ব্যবধান কমায় স্বাগতিকরা।

তবে আবার গোল হজম করায় ৮৬ মিনিট পর্যন্তও ৩-১ গোলে পিছিয়ে ছিল ফেইনর্ট। ৮৭তম মিনিটে ছয় বক্সের ভেতর থেকে ব্যাকহিল ফ্লিকে নিজের প্রথম গোল করেন শাকিল। পরের মিনিটেই ওই বাইসাইকেল কিকে স্কোরলাইন ৩-৩ করে ফেলেন ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। 

হারের মুখ থেকে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার সম্ভাবনা জাগে ফেইনর্টের। কিন্তু যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আরেকটি গোল হজম করে হেরে যায় তারা। 

বাবার কোচিংয়েই গত ২৭ নভেম্বর ইউরোপা লিগের ম্যাচ দিয়ে শাকিলের সিনিয়র ফুটবলে অভিষেক হয় ফেইনর্টের জার্সিতে। তিন দিন পর ডাচ লিগেও অভিষেক হয়ে যায় তার। সব প্রতিযোগিতা মিলিয়ে চতুর্থ ম্যাচে এসে জালের দেখা পেলেন তিনি।

এই ফেইনর্টের যুব দল হয়েই মূল দল দিয়ে ২০০১ সালে সিনিয়র ফুটবলে পা রেখেছিলেন রবিন। পরে আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড ও ফেনারবাচের হয়ে খেলে আবার ফেইনর্ট দিয়েই শেষ করেছিলেন খেলোয়াড়ি জীবন। ছেলে শাকিল শুরুতে ম্যানচেস্টার সিটির একাডেমিতে থাকলেও পরে ফেইনর্টের যুব দলে যোগ দেন। সেখান থেকে সিনিয়র ফুটবলে পদচারণা শুরু হয় তার বাবার ক্লাবের হয়েই।

রবিন আর্সেনালে খেলার সময়টায় ২০০৬ সালে শাকিলের জন্ম লন্ডনে। ৯ বছর বয়সে ম্যানচেস্টার সিটির একাডেমি থেকে ফুটবলার হওয়ার পথে তার ছোটার শুরু। বছর দুয়েক পর দেশে ফিরে ফেইনর্টের একাডেমিতে যোগ দেন তিনি। তার প্রতিভা নিয়ে আলোচনা চলছে বেশ কয়েক বছর ধরেই। প্রথমবার বড় আকারে সাড়া জাগান তিনি ২০২০ সালে, ক্লাবের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আয়াক্সের বিপক্ষে দারুণ এক বাইসাইকেল কিকে গোল করে।

এবার সিনিয়র ফুটবলে নিজের দ্বিতীয় গোলটিও তিনি করলেন চমৎকার বাইসাইকেল কিকে।