নারী ফুটবল
Published : 17 Jan 2026, 11:54 PM
উইমেন্স ফুটবলের লিগের ষষ্ঠ রাউন্ডে আটসাঁট ম্যাচের পাশাপাশি মিলেছে গোলবন্যায় ভেসে যাওয়া ম্যাচের দেখাও। কাচারিপাড়া একাদশের জালে ২৪ গোল করেছে রাজশাহী স্টার্স। আলপি আক্তার ও সুরভি আকন্দ প্রীতি ৭বার করে গোলের আনন্দে ডানা মেলেছেন। শাহেদা আক্তার রিপা ও রেশমি আক্তার উপহার দিয়েছেন হ্যাটট্রিক।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শনিবার এক গোল করেও আলোচনায় এসেছেন শামসুন্নাহার জুনিয়র। ফরাশগঞ্জ এফসির এই ফরোয়ার্ড টানা পাঁচ ম্যাচেই পেয়েছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার। এ রাউন্ডেই জয়যাত্রায় ছেদ পড়েছে বাংলাদেশ সেনাবাহিনীর।
দিনের প্রথম ম্যাচে শিরোপাধারী নাসরিন একাডেমিকে আবারও হেঁটেছে উল্টো পথে। ২-০ গোলে তারা হেরেছে ঢাকা রেঞ্জার্সের কাছে। এ নিয়ে ছয় ম্যাচে পাঁচ ম্যাচ হারল নাসরিন একাডেমি।
দ্বিতীয় ম্যাচে টানা পাঁচ ম্যাচ জিতে আসা বাংলাদেশ সেনাবাহিনীকে ১-০ গোলে হারায় ফরাশগঞ্জ। ৮৫তম মিনিটে মাঝমাঠ থেকে উড়ে আসা লং পাস এক ডিফেন্ডার ক্লিয়ার করতে ব্যর্থ হলে পেয়ে যান শামসুন্নাহার জুনিয়র। কিছুটা দূরূহ কোণ থেকে তার নেওয়া বাম পায়ের জোরালো শট লাফিয়েও আটকাতে পারেননি গোলকিপার। এই গোলই গড়ে দেয় ম্যাচের ভাগ্য। শামসুন্নাহার জুনিয়রও জয়সূচক গোল করে টানা পঞ্চমবারের মতো জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার।
পাঁচ ম্যাচের সবগুলো জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে ফরাশগঞ্জ। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে ছয় ম্যাচ খেলা সেনাবাহিনী।
তৃতীয় ম্যাচে পায়েল রানীর হ্যাটট্রিক ও জান্নাতুল ফেরদৌস ঝিনুকের জোড়া গোলে সদ্যপুস্কুরিনী যুব স্পোর্টিং ক্লাব ৫-০ ব্যবধানে হারায় সিরাজ স্মৃতি সংসদকে।
চতুর্থ ম্যাচ দেখা মিলেছে গোল বন্যার। ২৪-০ গোলে কাচারিপড়া একাদশকে উড়িয়ে দেয় রাজশাহী স্টার্স। দ্বিতীয় মিনিটে দলকে এগিয়ে নেওয়ার পর আরও ছয়বার জালের দেখা পান আলপি। আলপির মতো সুরভিও এই ম্যাচে করেন সাত গোল। রিপা করেন ৪টি, হ্যাটট্রিক করেছেন রেশমাও।
এছাড়া মুনকি আক্তার, ঋতুপর্ণা চাকমা ও স্বপ্না রানী করেন একটি করে গোল।
দিনের পঞ্চম ম্যাচে বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির ম্যাচটি হয়েছে ২-২ ড্র।