২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুখেলের হাত ধরে ইংল্যান্ডের শিরোপা খরা ঘুচবে, আশা কেইনের

ইংলিশ অধিনায়ক মনে করছেন, বৈরিতা ভুলে জার্মান এই কোচকে সমর্থন দেবেন ইংলিশ ফুটবলের শুভাকাঙ্ক্ষীরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2024, 05:48 PM

Updated : 10 Sep 2026, 12:23 PM

১৯৬৬ বিশ্বকাপ জয়ের পর থেকে পুরুষ ফুটবলে ইংল্যান্ডের গল্পটা হতাশার। একের পর এক টুর্নামেন্ট যাচ্ছে, কিন্তু তাদের কেবিনেটে উঠছে না ট্রফি। বড় আসরে ৫৮ বছরের শিরোপা খরা কাটাতে মরিয়া দলটিকে কাঙ্ক্ষিত স্বাদ দিতে পারেনি কোনো কোচ। টমাস টুখেলকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন হ্যারি কেইন। ইংল্যান্ড অধিনায়কের আশা, জার্মান এই কোচের হাত ধরেই অবসান হবে প্রায় ছয় দশকের অধীর অপেক্ষার। 

ইংল্যান্ড ও জার্মানির বৈরিতার ইতিহাস অনেক পুরোনো। কিন্তু তবুও ভালো কিছুর আশায় গত মাসে দলের প্রধান কোচের গুরুদায়িত্ব টুখেলের কাঁধে তুলে দিয়েছে ইংল্যান্ড। আগামী জানুয়ারি থেকে কাজ শুরু করবেন এই জার্মান। কেইনের প্রত্যাশা, দ্বন্দ্ব ভুলে নতুন কোচকে সমর্থন দেবেন ইংলিশ ফুটবলের শুভাকাঙ্ক্ষীরা।

১৯৬৬ বিশ্বকাপের পর ইংল্যান্ড ফুটবলের ভালো সময় কেটেছে বলা যায় গ্যারেথ সাউথগেটের আমলে। তার কোচিংয়ে বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলেছে দলটি। দুই দফায় খেলেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনাল। কিন্তু কাটেনি বড় আসরের শিরোপা খরা।

এই বছরের ইউরো শেষে সাউথগেট দায়িত্ব ছেড়ে দেওয়ার পর থেকে নতুন কোচ খুঁজছিল ইংল্যান্ড। ভারপ্রাপ্ত দায়িত্বে কাজ চালাচ্ছেন আপাতত লি কার্সলি। তবে কদিন আগে তিনি সরাসরিই বলেছেন, স্থায়ী কোচ হওয়ার কোনো ইচ্ছে তার নেই, বরং অনেক ট্রফিজয়ী কোনো বিশ্বমানের কোচ দরকার ইংল্যান্ডের।

সেই পথেই হেঁটেছে ইংল্যান্ড। পিএসজি, চেলসি ও বায়ার্ন মিউনিখের সাবেক কোচ টুখেলকে দায়িত্ব দিয়েছে তারা। ইংল্যান্ডের তৃতীয় বিদেশি ও প্রথম জার্মান কোচ তিনি। এর আগে এই দায়িত্বে ছিলেন সদ্য প্রয়াত সুইডিশ কোচ সভেন-গোরান এরিকসন ও ইতালির ফাবিও কাপেলো।

ইংল্যান্ডের নতুন কোচ টুখেলের কোচিংয়ে বায়ার্নে খেলেছেন কেইন। ক্লাব ফুটবলে অনেক শিরোপা জয়ী এই জার্মানের ধরন, কৌশল সম্পর্কে জানাশোনা আছে তার। তাই ইংল্যান্ড ফুটবলে এই কোচের সাফল্য নিয়ে আশার আলোও দেখছেন ইংল্যান্ড অধিনায়ক। 

“আমি মনে করি, সমর্থকরা (টুখেলকে) সমর্থন করবে। এটা হবে ফলাফলের ওপর নির্ভরশীল…শেষ পর্যন্ত ইংল্যান্ডের সমর্থকরা জিততে চায়। আমরা সবাই জিততে চাই। আমি মনে করি, টমাসের চ্যাম্পিয়ন্স লিগ ও বড় বড় প্রতিযোগিতা জয়ের ইতিহাস আমাদেরও শিরোপা জয়ের দারুণ সুযোগ এনে দিয়েছে।”

“অবশ্যই সে জানে যে তাকে ভালো করতে হবে- আমি বলতে চাই না যে সমর্থকদের মন জয় করতে হবে- কিন্তু তার দলকে ভালো কিছু এনে দিতে হবে এবং সেটা খেলার স্টাইল এবং ফলাফলের মাধ্যমে। ১৯ মাসের মধ্যে, যদি আমরা একসঙ্গে বিশ্বকাপ জিততে পারি, আমার মনে হয় না তাকে নিয়ে কারও কোনো সমস্যা হবে।”

নেশন্স লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে রোববার আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। দলটির দায়িত্বে অন্তর্বর্তীকালীন কোচ কার্সলির এটি হবে শেষ ম্যাচ।