১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভবিষ‍্যৎ নিয়ে এখনও ভাবছেন না লেভানদোভস্কি

নিজের ভবিষ‍্যতের চেয়ে চলতি মৌসুমের লক্ষ‍্য পূরণের পথ নিয়ে বেশি ভাবছেন বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার।

ভবিষ‍্যৎ নিয়ে এখনও ভাবছেন না লেভানদোভস্কি
বার্সেলোনা স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কি। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2025, 03:22 PM

Updated : 26 Aug 2026, 05:24 PM

বায়ার্ন মিউনিখ ছেড়ে বার্সেলোনায় আসা রবের্ত লেভানদোভস্কির চুক্তির মেয়াদ শেষ হওয়ার পথে। তবে ৩৭ বছর বয়সী পোলিশ স্ট্রাইকার এখনও নিজের ভবিষ‍্যৎ নিয়ে ভাবছেন না। তার মনোযোগ চলতি মৌসুমের লক্ষ‍্য পূরণের পথ নিয়ে। এর মধ‍্যে আছে কাতালান ক্লাবটির হয়ে চ‍্যাম্পিয়ন্স লিগ ও লা লিগার শিরোপা জেতা এবং পোল‍্যান্ডকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে নিয়ে যাওয়া। 

বড় দিনের ছুটিতে পোল‍্যান্ডে একটি সাক্ষাৎকার দিয়েছেন লেভানদোভস্কি, যা নিজের ইউটিউব চ‍্যানেলে প্রকাশ করেছেন সাংবাদিক বোগদান রিমানোফস্কি।

বার্সেলোনার সঙ্গে লেভানদোভস্কির চুক্তির মেয়াদ ৩০ জুন পর্যন্ত। নতুন চুক্তি কিংবা চুক্তি নবায়ন নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই কিছু বলেনি। তাই পোল‍্যান্ড অধিনায়কের ভবিষ‍্যৎ নিয়ে জল্পনা-কল্পনা চলছেই। ক‍্যারিয়ারের শেষ ধাপে চলে আসা লেভানদোভস্কি বললেন, এখনও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করেননি তিনি।

“এখনও সিদ্ধান্ত নেওয়ার জন‍্য সময় আছে। আমি কোনো চাপ অনুভব করছি না এবং এই মুহূর্তে আমি জানি না কোন পথ বেছে নেওয়া উচিত।”

বার্সেলোনার হয়ে দুটি করে লা লিগা ও স্প‍্যানিশ সুপার কাপ এবং একটি কোপা দেল রে জেতা লেভানদোভস্কি বললেন, বাইরের কথা কিংবা কোনো শর্তের উপর তার ভবিষ‍্যৎ নির্ভর করছে না। 

“কোচের সঙ্গে আমি অন‍্য ক্লাবের সম্ভাব‍্য আগ্রহ নিয়ে আমি কোনো কথা বলি না। এটা আমার বেতন অর্ধেক করার ব‍্যাপারও নয়। সিদ্ধান্ত নির্ভর করবে দল কী চায় এবং আমি কোনটা সেরা মনে করি তার উপর।”

ক্লাবের পরিকল্পনা এবং কোচ হান্সি ফ্লিক কোন ভূমিকায় লেভানদোভস্কিকে দেখতে চান এর উপরও অনেক কিছু নির্ভর করছে। তবে নিজের লক্ষ‍্যের ব‍্যাপারে নিশ্চিত পোলিশ তারকা। সম্ভাব‍্য সবকিছুই এই মৌসুমে অর্জন করতে চান তিনি। 

“আমি সব কিছুই চাই: বিশ্বকাপের চূড়ান্ত পর্বে যাওয়া, লা লিগা ও চ‍্যাম্পিয়ন্স লিগ জেতা। আমি জানি, ক‍্যারিয়ারের শেষ ধাপে আছি আমি। তবে এখনও আমার আকাঙ্ক্ষা এখনও উঁচুতে।”