১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘ম্যানচেস্টার সিটির বিপক্ষে জয় মাউন্ট এভারেস্ট বিজয়ের শামিল’

পেপ গুয়ার্দিওলাকে সেরা কোচ মানলেও, এই ম্যাচে তার দল সেরা ফুটবল খেলেছে বলে বিশ্বাস সিমোনে ইনজাগির।

‘ম্যানচেস্টার সিটির বিপক্ষে জয় মাউন্ট এভারেস্ট বিজয়ের শামিল’
জয়ের উচ্ছ্বাসে ডিফেন্ডার হামাদ আল ইয়ামিকে কোলে তুলে নেন ইনজাগি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2025, 09:19 AM

Updated : 26 Aug 2026, 01:18 PM

ম্যাচ শুরুর আগে যা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি, শেষ বাঁশি বাজার পর সেটাই সত্যি হয়ে ধরা দিয়েছে। ফিফা ক্লাব বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনগুলোর একটির জন্ম দিয়ে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে দিয়েছে আল হিলাল। দলের এমন অভূতপূর্ব অর্জনে সৌদি আরবের ক্লাবটির কোচ সিমোনে ইনজাগির চোখে-মুখেও একইসঙ্গে বিস্ময় আর উচ্ছ্বাস।

বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে এই রূপকথা জন্ম দিয়েছে আল হিলাল। অতিরিক্ত সময়ে রোমাঞ্চে ঠাসা লড়াইয়ে ৪-৩ গোলে জিতে তারা পৌঁছে গেছে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে।

ইউরোপের সফলতম দলগুলোর একটি এবং ২০২২-২৩ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী সিটির বিপক্ষে দলের এমন পারফরম্যান্স ইনজাগির কাছেও যেন অবিশ্বাস্য ঠেকছে। তাইতো এই সাফল্যকে তিনি তুলনা করছেন ‘অক্সিজেন ছাড়া মাউন্ট এভারেস্টে ওঠার সঙ্গে।’

“এই ফলের মূল কৃতিত্ব খেলোয়াড়দের। আজ রাতে তারা মাঠে হৃদয় দিয়ে লড়েছে। (জয়ের জন্য) আমাদের অসাধারণ কিছুই করতে হতো, কারণ ম্যানচেস্টার সিটিকে, এই দল সম্পর্কে আমরা সবাই জানি।”

“অক্সিজেন ছাড়াই আমাদের মাউন্ট এভারেস্টে উঠতে হতো এবং আমরা সেটা সম্ভব করেছি। প্রত্যেক খেলোয়াড় আজ সবকিছুতে অসাধারণ কাজ করেছে; বল পায়ে থাকা অবস্থায় এবং না থাকার সময়ও।”

ইন্টার মিলানকে সবশেষ তিন মৌসুমের মধ্যে দুবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুললেও, সেখানে একেবারে শেষটা মোটেও সুখকর হয়নি ইনজাগির। গত মাসের শেষ দিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ৫-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর, ইতালিয়ান ক্লাবটিকে বিদায় জানিয়ে আল হিলালের দায়িত্ব নেন তিনি।

এত অল্প সময়ে দলকে এতবড় সাফল্য এনে দিতে পেরে গর্বিত বোধ করছেন এই ইতালিয়ান কোচ।

“বল পায়ে রাখায় আমরা খুব গোছানো ছিলাম। পজেশন রাখায় শক্তিশালী ও ভীষণ আক্রমণাত্মক একটা দলের বিপক্ষে টেকনিক্যাল দিক দিয়ে আমরা ভালো খেলেছি।”  

“আমার চোখে, পেপ গুয়ার্দিওলা বিশ্বের সেরা কোচ, কিন্তু আজ রাতে আমরা আমাদের সেরাটা দিয়েছি এবং আমার বিশ্বাস এই জয় আমাদের প্রাপ্য।”

এদিন অঘটনের শিকার হয়েছে ইনজাগির সাবেক দল ইন্টার মিলান। তাদেরকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে ফ্লুমিনেসি। 

ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেসির বিপক্ষে আগামী শনিবার সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে আল হিলাল।