Published : 29 May 2026, 12:13 PM
গত বিশ্বকাপে শিরোপা জয়ের আত্মবিশ্বাস সঙ্গী হবে এবারও। এছাড়াও দলে যখন থাকেন লিওনেল মেসির মতো একজন, তখন সেই দলের বাড়তি সম্ভাবনা তো থাকে সবসময়ই। সব মিলিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেই এবারের বিশ্বকাপের ফেভারিট মনে করছেন ভিনিসিউস জুনিয়র। ব্রাজিলের এই তারকা অবশ্য ক্রিস্তিয়ানো রোনালদোর কারণে বিবেচনায় রাখছেন পর্তুগালকেও।
বিশ্বকাপের শিরোপা ধরে রাখার অভিযানে বাংলাদেশ সময় শনিবার সকালে স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। বিশ্বকাপজয়ী দলটির ১৭ ফুটবলারকে এবারও রেখেছেন কোচ লিওনেল স্কালোনি।
ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা এখন আছে তিন নম্বরে। শীর্ষে আছে ফ্রান্স, দুইয়ে স্পেন। র্যাঙ্কিংয়ের শীর্ষ এই তিন দলকে বিশ্বকাপের ফেভারিটদের কাতারে রাখছেন বিশেষজ্ঞদের অনেকেই।
ব্রাজিলের কাজে টিভির সঙ্গে আলাপচারিতায় ভিনিসিউস বললেন, তার চোখে সবচেয়ে ফেভারটি দল আর্জেন্টিনা। মেসি থাকায় এই দল সবসময়ই চমকপ্রদ কিছু উপহার দিতে পারে বলে মনে করেন রেয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান উইঙ্গার।
“আমি বেছে নেব আর্জেন্টিনাকে। কারণ তারা গতবারের চ্যাম্পিয়ন, তাদের আত্মবিশ্বাস প্রবল। এছাড়াও তাদের আছে মেসি।”
“মেসি সবসময়ই ভিন্ন কিছু বয়ে আনে। আমরা কখনও কল্পনাও করতে পারব না, সে কী করতে পারে।”
তারকা খ্যাতির দিক থেকে অবশ্য বিশ্বকাপের সবচেয়ে ঝলমলে দল বলা যায় পর্তুগালকে। বিশ্ব চ্যাম্পিয়ন যদিও তারা হতে পারেনি এখনও, দল কিন্তু আলাদা করে ফুটবলারদের নামগুলো তুলে ধরলে এই দলকেও ফেভারিটদের কাতারে রাখতেই হয়। যদিও দল হিসেবে তারা খেলতে পারে না বা সম্ভাবনার পূর্ণতা দিতে পারে না প্রায়ই।
তবে চিরসবুজ ক্রিস্তিয়ানো রোনালদোর কারণে ও শক্তির গভীরতায় এই দলকেও শিরোপার লড়াইয়ে দেখছেন ভিনিসিউস।
“পর্তুগাল ফেভারিটদের মধ্যে থাকবে কি না? থাকবে, কারণ তাদের আছে ক্রিস্তিয়ানো এবং এটা সবসময়ই বড় ব্যাপার।”
“এছাড়াও তাদের আছে ভিতিনিয়া ও জোয়াও নেভেস, যারা বর্তমান প্রজন্মের সেরাদের মধ্যে রাখতে হবে যাদেরকে। এছাড়াও নুনো আছে, লেয়াও ও ফেলিক্সও, তাদের সঙ্গে আমার সম্পর্ক দারুণ।”
ভিনিসিউস নিজেও থাকছেন বিশ্বকাপে। যদিও এই মৌসুমটি তার খুব ভালো যায়নি এবং দেশের জার্সিতে জ্বলে উঠতে পেরেছেন তিনি খুব কম সময়ই, তার পরও বিশ্বকাপে তার দিকে তাকিয়ে থাকবে গোটা ব্রাজিল।