১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জার্মানির উদাহরণ টেনে দলকে সতর্ক করলেন বেলজিয়াম কোচ

শেষ বত্রিশের প্রতিপক্ষ সেনেগালকে ‘খুবই গতিময় এবং শক্তিশালী’ মনে করেন, বেলজিয়াম কোচ রুডি গার্সিয়া।

জার্মানির উদাহরণ টেনে দলকে সতর্ক করলেন বেলজিয়াম কোচ
নকআউটে লড়াইয়ে নামার আগে প্রস্তুত হচ্ছে বেলজিয়াম দল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2026, 07:40 PM

Updated : 11 Sep 2026, 03:33 PM

নকআউট পর্বের শুরুতেই বিদায় নেওয়া জার্মানি এখন বাকিদের জন্য হয়ে উঠেছে উদাহরণ! সত্যিই তাই। সেনেগালের বিপক্ষে ম্যাচ সামনে রেখে যেমন রুডি গার্সিয়া জার্মানির ধরাশায়ী হওয়ার উদাহরণ টানলেন, নিজের দল বেলজিয়ামকে সতর্ক করে দিতে!

সিয়াটলে বাংলাদেশ সময় বুধবার রাত ২টায় শেষ বত্রিশের ম্যাচে সেনেগালের মুখোমুখি হবে বেলজিয়াম। শক্তির বিচারে আফ্রিকার দলটির বিপক্ষে ফেভারিট বেলজিয়ামই। 

কিন্তু ফেভারিট তত্ত্বে আস্থা গার্সিয়া রাখছেন না মোটেও। টাইব্রেকারে প্যারাগুয়ের বিপক্ষে জার্মানির হেরে যাওয়ার উদাহরণ টেনে, দলকে সাবধান করে দিলেন তিনি।

“কোনো ছোট দল নেই। এমনকি, কাগজে-কলমে যদি আমরা ফেভারিট থাকিও, যেমনটা ছিল জার্মানি, আমরা হারতে পারি। সেনেগাল টেকনিক্যালি খুবই গতিময় ও শক্তিশালী এবং রক্ষণে জমাট। ”

রক্ষণের দৃঢ়তা বেলজিয়ামও দেখিয়েছে গ্রুপ পর্বে; তিন ম্যাচে মাত্র দুইটি গোল হজম করেছে তারা, মিশরের বিপক্ষে ড্র এবং নিউ জিল্যান্ডের বিপক্ষে জয়ের ম্যাচে একটি করে। তাছাড়া, সেনেগালের বিপক্ষে ম্যাচেই, চলতি আসরে এই প্রথম পুরো শক্তির দল পাচ্ছেন গার্সিয়া। 

সন্তানের জন্মের কারণে মাঝে খেলতে না পারা জেরেমি ডোকুকে পাচ্ছেন গার্সিয়া। পায়ের চোট কাটিয়ে উঠেছেন জেনো ডেবাস্ট। রক্ষণের দৃঢ়তা নিয়ে বেলজিয়াম কোচের কণ্ঠে অবশ্য ঝরল আত্মবিশ্বাস। প্রতিপক্ষ কোচকে প্রশংসায় ভাসিয়ে, গার্সিয়া বললেন, জয়ের হাসি হাসতে চান তিনি।

“নিজের মান ও সম্ভাবনার শতভাগে পৌঁছাতে ডেবাস্টের একটু সময় প্রয়োজন। তবে, এটা আমাদের জন্য কোনো সমস্যা হবে না। কেননা, এই টুর্নামেন্টের শুরু থেকে আমরা আমাদের রক্ষণভাগের দৃঢ়তা দেখিয়েছি।

“(সেনেগাল কোচ) পাপ চাও চমৎকার একজন খেলোয়াড় ছিলেন, দারুণ একজন কোচও। তার জন্য আমি খুব খুশি। কিন্তু, তাকে হারাতে চাই আমি।”