সমর্থক খুনের ঘটনায় চ্যাম্পিয়ন্স লিগ বাছাইয়ের ম্যাচ স্থগিত
সোমবার সন্ধ্যার এই ঘটনায় উয়েফা দিয়েছে কঠোর বার্তা।
চ্যাম্পিয়ন্স লিগের বাছাইয়ের ম্যাচ মাঠে গড়ানোর কথা ছিল মঙ্গলবার। কিন্তু আগের দিন সন্ধ্যায় ঘটে যায় অনাকাঙ্খিত এক ঘটনা। এইকে এথেন্স ও দিনামো জাগরেভের উগ্র সমর্থকদের মধ্যে শুরু হয় দাঙ্গা। তাতে ছুরিকাহত হয়ে প্রাণ হারান এথেন্সের এক সমর্থক। ফলে স্থগিত হয়ে গেছে দুই দলের প্রথম লেগের ম্যাচটি।
গ্রিসের রাজধানীতে ঘটেছে অপ্রত্যাশিত এই ঘটনা। সোমবার সন্ধ্যায় এথেন্সের উত্তরের শহরতলীতে অবস্থিত এইকে আগিয়া সোফিয়া স্টেডিয়ামের বাইরে হওয়া দাঙ্গায় ২৯ বছর বয়সী ওই গ্রিক ফুটবলপ্রেমী প্রাণ হারান।
দাঙ্গায় আহত হয়েছেন আরও আট জন। ৯৮ জনকে গ্রেফতার করার কথা জানিয়েছে পুলিশ। ভয়ঙ্কর এই ঘটনায় ইউরোপীয় ফুটবলের নিয়ন্তা সংস্থা উয়েফাও ব্যবস্থা নিয়েছে। তৃতীয় রাউন্ডের বাছাইয়ের দুই লেগেই অতিথি দলের সমর্থকদের নিষিদ্ধ করেছে তারা।
ওই দাঙ্গার পর স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ম্যাচটি স্থগিত করে দেয় উয়েফা। প্রাণ হারানো ওই সমর্থকের পরিবারের প্রতি শোক জানিয়ে বিবৃতি দিয়েছে সংস্থাটি।
“গত রাতে এথেন্সে যে ঘটনা ঘটেছে এবং একজন প্রাণ হারিয়েছে, তার প্রেক্ষিতে উয়েফা সম্ভাব্য সবচেয়ে কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে।”
“ভুক্তভোগীর পরিবার, এইকে এথেন্স ও তাদের সমর্থকদের প্রতি আমরা আমরা গভীর শোক জানাচ্ছি। আমরা আবারও বলতে চাই, আমাদের খেলায় সহিংসতার কোনো স্থান নেই এবং প্রত্যাশা করি এই ভয়ঙ্কর কাজের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করা হবে এবং বিচারের মুখোমুখি করা হবে।”
অবশ্য ক্রোয়েশিয়ায় ফিরতি লেগের খেলা নির্ধারিত ১৫ অগাস্টেই অনুষ্ঠিত হবে। এথেন্সের ম্যাচটি হতে পারে ১৮ কিংবা ১৯ অগাস্ট।
দাঙ্গার বিষয়ে গ্রিক পুলিশ জানিয়েছে, ক্রোয়েশিয়ার দল দিনামো প্রি-ম্যাচ অনুশীলন করার ৯০ মিনিট পর ঝামেলার সুত্রপাত হয়। পরে তারা পুলিশি পাহারায় স্টেডিয়াম ত্যাগ করে।
ওই সময় ১০০ থেকে ১২০ জন দিনামোর সমর্থক হাজির হয় এবং সেখাতে সমবেত হওয়া এথেন্সের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষের সমর্থকেরা আতশবাজি, নানা ডিভাইস, পাথর এবং ব্যাট ছুঁড়তে থাকে।
প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে দিনামোও এক বিবৃতিতে ঘটনার নিন্দা এবং প্রাণ হারানো সমর্থকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
“গত রাতে এথেন্সে যে দাঙ্গা হয়েছে, দিনামো জাগরেভ এর তীব্র নিন্দা করছে। যে মূল্যবোধ এবং নৈতিকতা আমরা ধারণ করি, তার সঙ্গে এই ঘটনা সঙ্গতিপূর্ণ নয়।”
সাম্প্রতিক বছরগুলোতে গ্রিক ফুটবলে উগ্র সমর্থকদের দৌরাত্ম্য বেড়েছে। গত বছর আরেকটি ভয়ঙ্কর ছুরিকাহতের ঘটনায় দেশটির সরকার সহিংসতায় জড়িতদের জন্য ছয় মাস থেকে পাঁচ বছরের জেলের শাস্তির বিধান করে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে থেস্সালোনিকিতে নগর প্রতিদ্বন্দ্বী আরিস ও পিএওকের সমর্থকদের মারামারির মধ্যে আলকিস কামপানোস নামের ১৯ বছর বয়সী এক তরুণ খুন হন।
ওই হত্যাকাণ্ডর ঘটনায় গত মাসে ৭ জনকে দোষী সাব্যস্ত করা হয় এবং যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। জড়িত আরও পাঁচ জনকে ১৯ বছরের বেশি সাজা দেওয়া হয়।
