১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

একসঙ্গে ৩ ফুটবলারকে হারাল বায়ার্ন মিউনিখ

চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে গেছেন জামাল মুসিয়ালা, আলফুঁস ডেভিস ও ইয়োনাস উরব্রিগ।

একসঙ্গে ৩ ফুটবলারকে হারাল বায়ার্ন মিউনিখ
আলফুঁস ডেভিস চোট পেয়ে মাঠ ছাড়ার সময় তাকে সান্ত্বনা দিচ্ছেন জামাল মুসিয়ালা (বাঁয়ে)। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2026, 11:52 PM

Updated : 26 Aug 2026, 03:08 PM

আতালান্তার বিপক্ষে বড় জয়ের আনন্দের মাঝে দুঃসংবাদও শুনতে হয়েছে বায়ার্ন মিউনিখকে। চোট পেয়ে ‘কিছুদিনের জন্য’ মাঠের বাইরে ছিটকে গেছেন দলটির মিডফিল্ডার জামাল মুসিয়ালা, ডিফেন্ডার আলফুঁস ডেভিস ও গোলরক্ষক ইয়োনাস উরব্রিগ।

প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ৬-১ গোলে জেতে বায়ার্ন। পরদিন জার্মান চ্যাম্পিয়নরা ওই তিন জনের চোটের কথা জানালেও ঠিক কতদিন তাদের বাইরে থাকতে হবে, তা উল্লেখ করেনি।

ম্যাচটিতে একটি গোল করা মুসিয়ালা চোট পেয়েছেন বাম অ্যাঙ্কেলে, এই অ্যাঙ্কেলেই গত বছর গুরুতর চোট পেয়েছিলেন তিনি। কয়েক মাস বাইরে থাকার পর গত জানুয়ারিতে মাঠে ফেরেন এই জার্মান প্লেমেকার।

কানাডার লেফট-ব্যাক ডেভিস ঊরুর পেশিতে চোট পেয়েছেন। আরেকটি ভিন্ন চোটে বাইরে থাকার পর তিনিও সম্প্রতি মাঠে ফিরেছিলেন।

ম্যাচের শেষ দিকে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে আঘাত পান উরব্রিগ।

পরের ম্যাচে আগামী শনিবার বুন্ডেসলিগায় বায়ার লেভারকুজেনের মুখোমুখি হবে বায়ার্ন। ১১ পয়েন্টে এগিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে ভেসোঁ কম্পানির দল।