মোহামেডানকে হারিয়ে নকআউট পর্বের পথে আবাহনী
ফেডারেশন কাপে তিন ম্যাচের দুটিতে হেরে গ্রুপ পর্বের বাধা উৎরাতে না পারার শঙ্কায় পড়ে গেল মোহামেডান।
ম্যাড়মেড়ে ম্যাচের চেহারা বদলে গেল দ্বিতীয়ার্ধে। পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করেও পারল না মোহামেডান স্পোর্টিং ক্লাব। চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে ফেডারেশন কাপের নকআউট পর্বে ওঠার পথে এগিয়ে গেল আবাহনী।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মঙ্গলবার গ্রুপ পর্বের ম্যাচে ১-০ গোলে জিতেছে আবাহনী। তাদের জয়ের নায়ক মোহাম্মদ ইব্রাহিম দ্বিতীয়ার্ধে ব্যবধান গড়ে দেন।
চট্টগ্রাম আবাহনীকে ৩-০ গোলে উড়িয়ে আসর শুরু করা ঢাকা আবাহনী টানা দ্বিতীয় জয় পেল। এতে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে উঠেছে তারা। আর তিন ম্যাচে এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে মোহামেডান নেমে গেছে তিন নম্বরে।
এবারের প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে এগিয়ে যাচ্ছে মোহামেডান। এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে শতভাগ সাফল্য নিয়ে শীর্ষে আছে তারা।
কিন্তু ফেডারেশন কাপে শুরুতেই দলটি হেরে বসে রহমতগঞ্জের বিপক্ষে। গ্রুপের পরের ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ৬-০ গোলে বিধ্বস্ত করলেও, ভালো পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারল না তারা।
দেশের ঐতিহ্যবাহী এই দুই দলের মুখোমুখি লড়াইয়ে গত দুই বছরের লড়াইয়ে পরিষ্কার আধিপত্য ছিল মোহামেডানের। ২০২৩ সালের জানুয়ারিতে সবশেষ তাদের বিপক্ষে জিতেছিল আবাহনী। পরের ছয়বারের মুখোমুখি লড়াইয়ে তিনবার জয়ের স্বাদ পায় মোহামেডান, বাকি তিনটি ড্র।
পাশাপাশি সাম্প্রতিক দারুণ পারফরম্যান্সের কারণে এবারও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন মোহামেডান কোচ আলফাজ আহমেদ। কিন্তু মাঠে তার ছেলেরা নিজেদের মেলে ধরতে পারল না। প্রথমার্ধে দুই দলের কেউই অবশ্য সেভাবে আলো ছড়াতে পারেনি।
৭৩তম মিনিটে ডান দিক থেকে শাহরিয়ার ইমনের পাস বক্সে পেয়ে নিচু শটে ঠিকানা খুঁজে নেন ইব্রাহিম। গোলরক্ষক ঝাঁপিয়ে হাত ছোঁয়ালেও বল আটকাতে পারেননি।
উল্লাসে জার্সি খুলে হলুদ কার্ড দেখেন গত ম্যাচেও একটি গোল করা ইব্রাহিম।
পিছিয়ে পড়ার বাকি সময়ে বেশ চাপ বাড়ায় মোহামেডান। ভালো কয়েকটি সুযোগও তৈরি করে তারা; কিন্তু কাঙ্ক্ষিত গোল আর করতে পারেনি দলটি।
