২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রফি জিতে দেশের মানুষের মুখে হাসি ফোটাতে চান সহকারী কোচ

উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2024, 07:36 PM

Updated : 10 Sep 2026, 12:21 PM

চারটি ধাপের তিনটি পাড়ি দেওয়া হয়ে গেছে। আরেকটি পাড়ি দিলেই পূরণ হবে লক্ষ্য। দলকে নিয়ে দারুণ আশাবাদী মাহবুবুর রহমান লিটু। বাংলাদেশের সহকারী কোচের বিশ্বাস, নেপালকে হারিয়ে আবারও উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ জিতে গোটা দেশকে আনন্দের জোয়ারে ভাসাতে পারবেন তারা।

কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে আগামী বুধবার মুকুট ধরে রাখার লড়াইয়ে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ।

গতবার ফাইনালে নেপালকেই ৩-১ গোলে হারিয়ে এই প্রতিযোগিতায় প্রথম শিরোপার স্বাদ পায় বাংলাদেশ।

এবার গ্রুপ পর্বে পাকিস্তানের সঙ্গে ১-১ ড্রয়ের পর ভারতকে ৩-১ গোলে হারিয়ে সেমি-ফাইনালে জায়গা করে নেন সাবিনা-মারিয়ারা। শেষ চারে তহুরা খাতুনের হ্যাটট্রিকে ভুটানকে ৭-১ গোলে উড়িয়ে দেন তারা।

অন্য গ্রুপে নেপাল ম্যাচ খেলেছে বাংলাদেশের চেয়ে একটি বেশি। ভুটানের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর মালদ্বীপকে ১১-০ ও শ্রীলঙ্কাকে ৬-০ গোলে হারিয়েছে স্বাগতিক দল। সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে জিতেছে তারা টাইব্রেকারে।

গতবারের শিরোপা জয়ী দলেও সহকারী কোচের দায়িত্বে ছিলেন লিটু। আরেকটি ফাইনালের আগে সোমবার প্রত্যয়ী কণ্ঠে তিনি বললেন, ট্রফি নিয়েই দেশে ফিরতে চান তারা।

“আশা করি, ফাইনাল ফাইনালের মতো হবে। আমরা নেপালের খেলা দেখেছি, নেপাল সম্পর্কে জানে মেয়েরা। আমাদের যেটা লক্ষ্য, একটা চূড়ায় উঠতে গেলে, চারটি ধাপ পাড়ি দিতে হয়, আমরা তিনটি পাড়ি দিয়েছি। আমাদের আর একটা সিঁড়ি বাকি। আমি মনে করি না, মেয়েরা আপনাদের ফাইনালে বিমুখ করবে। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। আশা করি, মেয়েরা চ্যাম্পিয়ন হবে।”

“আপনারা জানেন, আগেরবার এখানে চ্যাম্পিয়ন হয়েছি। এবার ধারাবাহিকতা বজায় রাখতে চাচ্ছি। দেশের মানুষের মুখে যেন আমরা হাসি ফোটাতে পারি। বিগত দিনে দেখেছেন, ছাদ খোলা বাসে আমরা যে আনন্দ করেছি, দেশবাসী যেভাবে আনন্দ করেছে, সেটার জন্য মেয়েরা মনে হয় বিমুখ করবে না।”

মাঠে নেপালের পাশাপাশি গ্যালারিতে স্বাগতিক দর্শকদের চাপও সামলাতে হবে বাংলাদেশকে। ডিফেন্ডার আফিদা খাতুনের বিশ্বাস, সব চাপ সামলেই কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছতে পারবেন তারা।

“গতকাল আমরা সেমি-ফাইনাল দেখতে গিয়েছিলাম। এটার কারণে যে, কীরকম দর্শক হয় সেটা দেখতে চেয়েছিলাম। এটাতে ভয় পাব না। মনে করব, নেপালিরাও আমাদের সাপোর্টার। এটা নিয়ে চাপ নেব না।”

“ইতিহাস গতবারই করেছে আপুরা। আমাদের চ্যালেঞ্জ শিরোপা ধরে রাখা। অবশ্যই সর্বোচ্চটা দিয়ে খেলার চেষ্টা করব। দেশবাসী যেন আমাদের জন্য দোয়া করে। তারা যেন সবসময় দোয়া করতেই থাকে। আমরা ইনশাআল্লাহ ট্রফি নিয়ে ফিরতে পারব।”