২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এতটা ভালো কখনও অনুভব করেননি হলান্ড

চলতি মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে মাত্র ১৭ ম্যাচে ২৭ গোল করেছেন এই তারকা।

এতটা ভালো কখনও অনুভব করেননি হলান্ড
আর্লিং হলান্ড। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2025, 06:44 PM

Updated : 26 Aug 2026, 05:05 PM

মৌসুমের শুরুটা দুর্দান্ত হয়েছে আর্লিং হলান্ডের। মাঠে নামলেই ম‍্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার পাচ্ছেন জালের দেখা। তার মনে হচ্ছে, ফুটবল ক‍্যারিয়ারে এই মুহূর্তে সেরা অবস্থায় আছেন তিনি। 

এই তারকা ক্লাব ও দেশের হয়ে চলতি মৌসুমে মাত্র ১৭ ম‍্যাচে করেছেন ২৭ গোল। নরওয়ের ২৫ বছর বয়সী ফুটবলারের নিজের উঁচু মানদণ্ডেও এই পারফরম‍্যান্স অসাধারণ। ২০২২ সালে সিটিতে যোগ দেওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪২ গোল করেছেন হলান্ড। 

“এটা ভালো শুরু, আর আমার খুব ভালো লাগছে। মনে হচ্ছে, এটাই আমার সেরা রূপ। এর আগে কখনও এতটা ভালো লাগেনি। শাণিত থাকতে হলে আমার মানসিকভাবে ইতিবাচক থাকতে হবে, ভালোভাবে রিকভার করতে হবে, ভালোভাবে বিশ্রাম নিতে হবে, অনেকবার চিকিৎসা নিতে হবে, সঠিক খাবার খেতে হবে।”

“বিষয়টা হলো মনোযোগী থাকা এবং ওই ভারসাম‍্যটা রাখা। প্রাণশক্তি একই স্তরে রাখা, অনুপ্রাণিত থাকা এবং নিজের শরীর ও মতিষ্কের জন‍্য যে কাজগুলো ভালো সেগুলো করাটাই মূল বিষয়।” 

প্রিমিয়ার লিগে আগামী রোববার শিরোপাধারী লিভারপুলের মুখোমুখি হবে সিটি। স্প‍্যানিশ কোচ পেপ গুয়ার্দিওলার সেটি হবে ক্যারিয়ারের এক হাজারতম ম্যাচ। এই কোচের ছোঁয়ায় যে আরও পরিণত হয়েছেন, তা নিয়ে কোনো সংশয় নেই হলান্ডের।

“সিটিতে আসার পর থেকেই তিনি (গুয়ার্দিওলা) আমাকে মুভমেন্ট নিয়ে সাহায‍্য করেছেন। আমাকে এমন পরিস্থিতিতে নিয়ে এসেছেন যেখানে আমি গোল করতে পারি। তিনি পেপ গুয়ার্দিওলা… তিনি একজন জিনিয়াস। এখন পর্যন্ত তার সঙ্গে যাত্রাটা অসাধারণ। তার এত কিছু জেতার কারণ আছে, সেটা তার নিবেদন ও কঠোর পরিশ্রম।” 

লিগে রোববারের ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ, কারণ উভয়েই প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনালের ওপর চাপ ধরে রাখতে চায়। ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে দুইয়ে আছে সিটি। ১৮ পয়েন্ট নিয়ে তিনে লিভারপুল।