২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেড় ঘণ্টার অনুশীলনে বেনফিকায় বড় জয়ে শুরু মরিনিয়োর

যে ক্লাবের হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন জোসে মরিনিয়ো, ২৫ বছর পর সেই ক্লাবে ফিরে নতুন অধ্যায়ের শুরুটা রাঙালেন জয় দিয়ে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2025, 12:02 PM

Updated : 26 Aug 2026, 02:20 PM

নতুন কোচ হিসেবে বৃহস্পতিবার জোসে মরিনিয়োর নাম জানাল বেনফিকা। শুক্রবার তার তত্ত্বাবধানে দল ট্রেনিং করল ঘণ্টা দেড়েক। শনিবার মাঠে নেমে তারা উড়িয়ে দিল প্রতিপক্ষকে। যে ক্লাবের হয়ে ২৫ বছর আগে কোচিং ক্যারিয়ারের সূচনা হয়েছিল মরিনিয়োর, ২৫ বছর পর সেই ক্লাবে নতুন অধ্যায়ের শুরুটা রাঙালেন তিনি দারুণ জয়ে।

পর্তুগিজ লিগের ম্যাচে শনিবার এভিএস ফুটবলকে ৩-০ গোলে হারায় বেনফিকা।

গত মাসের শেষ দিকে তুরস্কের ক্লাব ফেনারবাচে থেকে বিদায় নিতে হয় মরিনিয়োকে। তবে চাকরি ছাড়া থাকতে হয়নি তাকে এক মাসও। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে অপ্রত্যাশিত হারের পর কোচ ব্রুনো লাজকে বরখাস্ত করে বেনফিকা। দুই যুগের বেশি সময় পর দায়িত্বে ফিরিয়ে আনে তারা মরিনিয়োকে।

মরিনিয়ো পর্তুগিজ ফুটবলে কোচিংয়ে ফিরলেন ২১ বছর পর। সবশেষ ২০০৪ সালে পোর্তোর দায়িত্বে ছিলেন তিনি। পরে চেলসি, ইন্টার মিলান, রেয়াল মাদ্রিদ হয়ে চেলসিতে দ্বিতীয় দফায় ফিরে ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহ্যাম হটস্পার, রোমা ও ফেনারবাচেতে কাজ করে নিজ দেশে কোচিং প্রত্যাবর্তন হলো তার ৬২ বছর বয়সে।

জয়ে শুরুর পর ফুটবলারদের প্রতি কৃতজ্ঞতা জানালেন মরিনিয়ো। 

“গতকালকে আমরা ঘণ্টা দেড়েক কাজ করেছি। ফুটবলারদের আমি ধন্যবাদ জানাই তাদের পেশাদারিত্বের জন্য, ক্লাবের প্রতি তাড়নার জন্য, পাশাপাশি তারা আমাকে যেভাবে স্বাগত জানিয়েছে, সেটির জন্য। আমরা যেভাবে কাজ করেছি, তারা সেটিকে দারুণভাবে আলিঙ্গন করে নিয়েছে, ব্যস।”

এই জয়ে অবশ্য উচ্ছ্বাসে ভেসে যাওয়ার কিছু দেখছেন না কোচ। বরং দ্রুতই দলকে তৈরি থাকতে বললেন নিজেদের আরও ঝালিয়ে নেওয়ার জন্য। 

“ম্যাচ হেরে গেলে পয়েন্টের দিক থেকে অবশ্যই তা বিপর্যয় হতো। জেতাটা অসাধারণ কিছু হয়তো নয়, তবে সবচেয়ে ভালো এটিই করতে পারতাম। বাজে একটি পরাজয়ের পর মনস্তাত্ত্বিক দিক থেকেও জয়টা জরুরি ছিল।”

“খেলার পর ছেলেদেরকে আমি বলেছি, এটি ভালো জয়, তবে অসাধারণ কিছু নয়। দ্রুত তৈরি হয়ে থেকো। কালকে সকালেই অনুশীলন আছে।”

৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পর্তুগিজ লিগে এখন দুইয়ে আছে বেনফিকা। ছয় ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে পোর্তো।