৮৯ বছরে প্রথম হলান্ড, বায়ার্নের চাই ২ গোল, ‘ধরাছোয়ার বাইরে’ বার্সেলোনা
ইউরোপিয়ান ফুটবলে রোমাঞ্চকর সব লড়াইয়ে রেকর্ডের পাতায় আঁকিবুঁকি হয়েছে অনেক।
প্রিমিয়ার লিগের শিরোপা প্রত্যাশী আর্সেনালকে চমকে দিয়েছে দ্বিতীয় স্তরের ক্লাব সাউথ্যাম্পটন, রেয়াল মাদ্রিদকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে মায়োর্কা, আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে লিগ শিরোপার পথে বড় লাফ দিয়েছে বার্সেলোনা-আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে ক্লাব ফুটবল ফেরার সপ্তাহে এমন অসাধারণ সব লড়াইয়ের দেখা মিলেছে। সেই সঙ্গে হয়েছে নানা রেকর্ড, পরিসংখ্যানের পাতায় যোগ হয়েছে নতুন নতুন সংখ্যা।
ইউরোপিয়ান ক্লাব ফুটবলে এমন নানা উল্লেখযোগ্য ঘটনা আর সংখ্যাভিত্তিক তথ্য নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোরের পাঠকদের জন্য এই আয়োজন।
এফএ কাপ
লিভারপুলকে ৪-০ গোলে হারিয়ে সেমি-ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি।
৮- ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ প্রতিযোগিতাটিতে রেকর্ড টানা অষ্টমবারের মতো সেমি-ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি।
৮৯- দীর্ঘ এই সময়ে ম্যানচেস্টার সিটির প্রথম খেলোয়াড় হিসেবে লিভারপুলের বিপক্ষে হ্যাটট্রিক করলেন আর্লিং হলান্ড। এর আগে এই কীর্তিতে আগের জন ছিলেন হ্যারি ব্রুক, ১৯৩৭ সালের মার্চে অ্যানফিল্ডে ম্যাচে তিন গোল করেছিলেন তিনি।
চলতি মৌসুমে লিভারপুলের বিপক্ষে তিন ম্যাচে ছয় গোল করলেন হলান্ড; যেখানে আগের আটবারের দেখায় করেছিলেন মোটে তিন গোল।
১২- ২০২২ সালের জুলাইয়ে ম্যানচেস্টার সিটির জার্সিতে অভিষেকের পর থেকে, এই নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২টি হ্যাটট্রিক করলেন হলান্ড। এই সময়ে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে যা সর্বোচ্চ, দ্বিতীয় সর্বোচ্চ ১১টি হ্যারি কেইনের।
৩- প্রিমিয়ার লিগ যুগে তৃতীয় খেলোয়াড় হিসেবে লিভারপুলের বিপক্ষে টানা চার বা এর বেশি ঘরের মাঠে খেলা ম্যাচে জালের দেখা পেলেন হলান্ড; আগের দুইজন হলেন ক্রিস সাটন (১৯৯৪ থেকে ১৯৯৬ এর মধ্যে টানা চার ম্যাচে) ও সের্হিও আগুয়েরো (২০১৩ থেকে ২০১৭ এর মধ্যে টানা পাঁচ ম্যাচে)।
৩- সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯৩৫-৩৭ (৪ ম্যাচ) এর পর প্রথমবার লিভারপুলের বিপক্ষে টানা তিন ম্যাচ জিতল সিটি। এছাড়া, ২০১৫-১৬ মৌসুমে ওয়েস্ট হ্যামের পর, প্রথম দল হিসেবে এক মৌসুমে লিভারপুলকে তিনবার হারাল সিটি।
১- এফএ কাপে ১৯৭৩ সালের পর লিভারপুলের বিপক্ষে প্রথম জয় পেল ম্যানচেস্টার সিটি। আর্না স্লটের কোচিংয়ে লিভারপুলের এটাই (৪-০) সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়।
১৫- সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে এটা লিভারপুলের ১৫তম পরাজয়, এক দশকের মধ্যে যা সর্বোচ্চ। এর চেয়ে বেশি ম্যাচ হেরেছে তারা ২০১৪-১৫ মৌসুমে, ব্রেন্ডান রজার্সের কোচিংয়ে (১৮টি)।
লা লিগা
মায়োর্কার মাঠে ২-১ গোলে হারে রেয়াল মাদ্রিদ এবং ওইদিনই আতলেতিকো মাদ্রিদের মাঠে একই ব্যবধানে জয় পায় বার্সেলোনা। ৩০ রাউন্ড শেষে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে হান্সি ফ্লিকের দল। দুইয়ে রেয়ালের পয়েন্ট ৬৯।
৭- আট ম্যাচ বাকি থাকতে দ্বিতীয় স্থানে থেকে ৭ পয়েন্টে এগিয়ে আছে বার্সেলোনা; লা লিগার ইতিহাসে এর আগে শেষ আট ম্যাচ বা এর কম ম্যাচে সাত পয়েন্টের ব্যবধান ঘোচাতে পারেনি কেউ।
১- লা লিগায় আতলেতিকো মাদ্রিদের জালে বল পাঠানো গ্যারি লিনেকার, লরি কানিংহ্যাম ও ড্যালিয়ান অ্যাটকিনসনের ছোট ক্লাবে যোগ দিলেন মার্কাস র্যাশফোর্ড। তার আগে সবশেষ ইংলিশ খেলোয়াড় হিসেবে আতলেতিকোর বিপক্ষে লা লিগার ম্যাচে গোল করেছিলেন অ্যাটকিনসন, রেয়াল সোসিয়েদাদের হয়ে, ১৯৯১ সালে।
৫- চলতি মৌসুমে লা লিগায় পাঁচটি জয়সূচক গোল করলেন রবের্ত লেভানদোভস্কি, সতীর্থ দানি ওলমোর সমান। এই তালিকায় তাদের ওপরে আছেন কেবল রেয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপে (৮টি)।
৫০- লা লিগার ইতিহাসে টানা তৃতীয় সর্বোচ্চ ৫০টি ম্যাচে গোল করার কীর্তি গড়েছে হান্সি ফ্লিকের বার্সেলোনা। এই রেকর্ডও বার্সেলোনার দখলে, ২০১২-১৩ সালের সময়ে টানা ৬৪ ম্যাচে গোল করেছিল কাতালান দলটি, ২০১৬-১৭ সময়ে টানা ৫৪ ম্যাচে গোল করে তালিকার দুইয়ে আছে রেয়াল মাদ্রিদ।
২৫- ডাগআউটে থেকে বার্সেলোনার বিপক্ষে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫টি হারের অভিজ্ঞতা হলো দিয়েগো সিমেওনের; কোচিং ক্যারিয়ারে আর কোনো দলের বিপক্ষে এত পরাজয়ের স্বাদ পাননি এই আর্জেন্টাইন।
৩- ২০১৯-২০ মৌসুমে লা লিগায় ফেরার পর থেকে, রেয়াল মাদ্রিদের বিপক্ষে এই প্রতিযোগিতায় ঘরের মাঠে সর্বোচ্চ তিনটি ম্যাচ জিতল মায়োর্কা (এই সময়ে সমান জিতেছে আতলেতিকো মাদ্রিদও)।
৫- রেয়ালের হয়ে সবশেষ পাঁচ ম্যাচে জালের দেখা পাননি কিলিয়ান এমবাপে, গত মৌসুমে সান্তিয়াগো বের্নাবেউয়ে যোগ দেওয়ার পর থেকে যা যৌথভাবে তার সবচেয়ে দীর্ঘ গোল খরা (২০২৫ সালের এপ্রিলেও টানা পাঁচ ম্যাচে গোল পাননি তিনি)।
বুন্ডেসলিগা
ফ্রেইবুর্কের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়ার পর, শেষ দিকে তিন গোল করে ৩-২ ব্যবধানে জয় পায় বায়ার্ন মিউনিখ।
১০০- চলতি মৌসুমে বুন্ডেসলিগায় ২৮ ম্যাচেই গোলের সেঞ্চুরি করে ফেলেছে বায়ার্ন মিউনিখ। প্রতিযোগিতাটির ইতিহাসে এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁতে আর একটি দরকার তাদের; রেকর্ডটির বর্তমান মালিকও তারাই, ১৯৭১-৭২ আসরে ১০১টি গোল করেছিল ক্লাবটি।
২৩- এবারের বুন্ডেসলিগায় ম্যাচের ৮০তম মিনিটে বা এর পরের অংশে মোট ২৩টি গোল করেছে বায়ার্ন, ইউরোপের শীর্ষ পাঁচ লিগের বিবেচনায় ম্যাচের এই সময়ে তাদের চেয়ে বেশি গোল করতে পারেনি আর কোনো দল, ১৬ গোল নিয়ে তালিকার দুইয়ে লিল।
