অদূর ভবিষ্যতে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে, প্রত্যাশা ফিফা সভাপতির
বাংলাদেশ ও অন্যান্য দেশকে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ দিতে চায় ফিফা, বললেন জিয়ান্নি ইনফান্তিনো।
মাঝেমধ্যে পারফরম্যান্সে একটু আধটু ঝলকানি দিলেও, বড় কোনো সাফল্য আসেনি বহু বছর। দক্ষিণ এশিয়ার ফুটবলেও বাংলাদেশ প্রথম ও শেষবার সেরার স্বীকৃতি পেয়েছিল সেই ২০০৩ সালে। ফিফা র্যাঙ্কিংয়েও অবস্থান একেবারে শেষ দিকে। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কথায় আশাবাদী হতে পারে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা।
নিকট ভবিষ্যতে বাংলাদেশ দলকেও বিশ্বকাপের চূড়ান্ত মঞ্চে দেখা যাবে বলে মনে করেন ইনফান্তিনো।
ফিফা র্যাঙ্কিংয়ের ১৮০তম দল বাংলাদেশ কি কখনও বিশ্বকাপে খেলবে?-সোহাগ নামে একজন ফুটবল সমর্থকের প্রশ্নের উত্তরে ইনফান্তিনো বলেন, “অবশ্যই ফিফা বিশ্বকাপে খেলতে পারবে।”
“ফিফার লক্ষ্যও তাই, বাংলাদেশ ও অন্যান্য দেশকে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া। আগামী বিশ্বকাপে ইতোমধ্যে আমরা কিছু দল পেয়েছি, যারা আগে কখনও বিশ্বকাপে খেলেনি।”
“আমরা আফ্রিকা থেকে কেপ ভার্দ, কনকাকাফ থেকে কুরাসাওকে পেয়েছি। অন্যরাও আছে; উজবেকিস্তান প্রথমবারের মতো বিশ্বকাপে উঠেছে, জর্ডানও প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে। তাই, বাংলাদেশের মতো দারুণ এক ফুটবল জাতি, যেখানে ফুটবল ক্রমেই বেড়ে উঠছে, অবশ্যই তাদের (বিশ্বকাপে খেলার) সুযোগ আছে।”
জামাল-তপুরা আছেন তো আগে থেকেই, সেই সঙ্গে হামজা-শমিত সোমদের মতো নতুন প্রবাসী খেলোয়াড়দের নিয়ে গত বছরে উন্নতির আভাস দিয়েছে বাংলাদেশ ফুটবল দল। ইনফান্তিনোর বিশ্বাস, দলটির উন্নতির ধারা অব্যাহত থাকবে।
“আমরা ফিফার পক্ষ থেকে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মাধ্যমে বাংলাদেশে অনেক বিনিয়োগ করছি, সেখানে ফুটবলে দারুণ সব মেধাও বেড়ে উঠছে। বাংলাদেশসহ সারা বিশ্বেই দারুণ সব মেধাবী খেলোয়াড় আছে। বাংলাদেশকে বিশ্বকাপে দেখার অপেক্ষায় আছি আমরা, আশা করি নিকট ভবিষ্যতেই।”
