১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ট্রাম্পের ‘সন্দেহজনক’ বলা রেফারির পাশে ফিফা

ফিফা রেফারিদের প্রধান পিয়েরলুইজি কললিনা বলেছেন, হাফায়েল ক্লাউজের ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস আছে তাদের।

ট্রাম্পের ‘সন্দেহজনক’ বলা রেফারির পাশে ফিফা
যুক্তরাষ্ট্রের ফোলারাইন বালোগনকে রেফারি হাফায়েল ক্লাউজ লাল কার্ড দেখানোর পরই যত বিতর্কিত ঘটনার উৎপত্তি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2026, 09:47 PM

Updated : 11 Sep 2026, 03:36 PM

ফোলারাইন বালোগনের লাল কার্ড ঘিরে যে রেফারিকে 'সন্দেহজনক' বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, সেই হাফায়েল ক্লাউজের পাশে দাঁড়িয়েছেন ফিফা রেফারিদের প্রধান পিয়েরলুইজি কললিনা। 

শেষ বত্রিশে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়কে ফাউল করে বহিষ্কার হন বালোগন। শুরুতে কার্ড দেখাননি ব্রাজিলিয়ান রেফারি ক্লাউজ। ভিএআরের পরামর্শে মনিটরে ফাউলের রিপ্লে দেখে সরাসরি লাল কার্ড দেখান তিনি। এই ঘটনায় সোমবার ক্লাউজের সমালোচনা করেন ট্রাম্প।

এর আগে রোববার বিতর্কিতভাবে বালোগনের এক ম‍্যাচের নিষেধাজ্ঞার শাস্তি এক বছরের জন‍্য স্থগিত করে ফিফা। এতে বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম‍্যাচে খেলার সুযোগ পান যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড। ম‍্যাচটি ৪-১ ব‍্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন বালোগনরা। 

এক বিবৃতিতে ক্লাউজের প্রশংসা করেছে ফিফা। 

“তিনি বিশ্বের সেরা পেশাদার রেফারিদের একজন এবং বিশ্বকাপে এক নম্বর (রেফারি দলের) গুরুত্বপূর্ণ সদস‍্য। ক‍্যারিয়ারজুড়ে তিনি ধারাবাহিকভাবে পেশাদারিত্ব ও সততার সর্বোচ্চ মান প্রদর্শন করেছেন।” 

সাবেক রেফারি ও বর্তমানে ফিফা রেফারি কমিটির প্রধান কললিনা জানিয়েছেন, ক্লাউজের ওপর তাদের পূর্ণ আস্থা আছে।

“২০২২ কাতার আসরে আমাদের সঙ্গে থাকার পর, এবার দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে রেফারিং করছেন হাফায়েল ক্লাউজ। তিনি একজন অভিজ্ঞ ও খুব সম্মানিত রেফারি এবং বিশ্বস্ত ম‍্যাচ অফিসিয়াল হিসেবে তার ওপর আমাদের পূর্ণ আস্থা আছে।”

শেষ ষোলো থেকে ব্রাজিল বিদায় নেওয়ায়, ফাইনালের জন‍্য রেফারি হিসেবে কাজ করার দাবিদারদের একজন হতে পারেন ক্লাউজ। 

বালোগনের এক ম্যাচের নিষেধাজ্ঞা ‘পর্যালোচনা’ করার জন‍্য ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ব‍্যক্তিগতভাবে ফোন করেন ট্রাম্প। এরপর পাল্টে যায় ফিফার সিদ্ধান্ত। ইনফান্তিনো পরে নিজের ইনস্টাগ্রামে ক্লাউজের নাম উল্লেখ না করে সামগ্রিকভাবে ম‍্যাচ অফিসিয়ালদের প্রশংসা করেন।

“২০২৬ বিশ্বকাপ অভাবনীয় সাফল‍্য পেয়েছে এবং এতে বড় ভূমিকা রেখেছে আমাদের চমৎকার ম‍্যাচ অফিসিয়ালদের গ্রুপ- এক নম্বর দল। বিশ্বের সেরাদের দিয়ে এই প্রতিযোগিতা পরিচালনা করানো হচ্ছে। একটি নিখুঁত প্রক্রিয়ার মাধ‍্যমে তাদের নির্বাচন করা হয়েছে, যেখানে লম্বা সময় ধরে তাদের দক্ষতা, ধারাবাহিকতা ও মান বিবেচনায় নেওয়া হয়েছে।

“আরও একবার, আমি আবারও বলছি, সবার অবশ‍্যই রেফারিদের এবং আমাদের খেলা পরিচালনার নিয়মের সম্মান করতে হবে। এটা খুব সাধারণ বিষয় এবং এর গুরুত্ব কখনও কমবে না। রেফারিদের ছাড়া কোনো ফুটবল হয় না।”

কনমেবল অঞ্চলের রেফারি কমিটি এক বিবৃতিতে বালোগনকে লাল কার্ড দেখানো রেফারির পাশে দাঁড়িয়েছে। রেফারি হিসেবে কাজ করার জন‍্য ক্লাউজের ‘পেশাদারিত্ব, সততা, নিরপেক্ষতা ও পেশাগত উপযুক্ততার কথা’ উল্লেখ করেছে।