ওয়াল্তারের পরামর্শে লিসান্দ্রোর প্রথম গোল
আর্জেন্টিনার জার্সিতে প্রথম গোল করে সহকারী কোচ ওয়াল্তার স্যামুয়েলের কথা বললেন লিসান্দ্রো মার্তিনেস।
আক্রমণভাগের নিষ্প্রভ দিনে জালের দেখা পেলেন লিসান্দ্রো মার্তিনেস। গুরুত্বপূর্ণ ম্যাচে আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রথম গোলে আর্জেন্টিনাকে এগিয়ে নিলেন এই ডিফেন্ডার। পরে ম্যাচ শেষে তিনি জানালেন, সহকারী কোচ ও সাবেক ডিফেন্ডার ওয়াল্তার সামুয়েলের পরামর্শের কথা।
কোপা আমেরিকায় বাংলাদেশ সময় শুক্রবার সকালে একুয়েডরের বিপক্ষে শেষ আটের ম্যাচ টাইব্রেকারে জিতে সেমি-ফাইনালে উঠেছে শিরোপাধারীরা। এর আগে মূল ম্যাচে ছিল ১-১ গোলে সমতা।
ম্যাচের ৩৫তম মিনিটে বিশ্ব চ্যাম্পিয়নদের এগিয়ে দেওয়া গোলটি করেন লিসান্দ্রো। লিওনেল মেসির কর্নার কিকে কাছের পোস্ট থেকে ফ্লিক করেন আলেক্সিস মাক আলিস্তের। বল চলে যায় দূরের পোস্টে। ফাঁকায় পেয়ে আরেকটি হেডে অনায়াসেই বাকি কাজ সারেন ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার।
আর্জেন্টিনার হয়ে ২০১৯ সালে অভিষেকের পর ২৬ বছর বয়সী লিসান্দ্রোর প্রথম গোল এটি। আর চলতি কোপা আমেরিকায় এটিই ছিল প্রথমার্ধে আর্জেন্টিনার প্রথম গোল।
লিসান্দ্রোর হেড অবশ্য ‘ফিরিয়েছিলেন’ একুয়েডর গোলরক্ষক আলেকসান্দার দমিনগেস। তবে আগেই গোললাইন পেরিয়ে যাওয়ায় তাতে কোনো কাজ হয়নি। ভিএআর সেটি পরীক্ষা করলেও লিসান্দ্রো নিশ্চিত ছিলেন গোলের ব্যাপারে।
তাই হেড করেই উচ্ছ্বাসে মাতেন আর্জেন্টাইন ডিফেন্ডার। ম্যাচ শেষে টিওয়াইসি স্পোর্টসে নিজের প্রথম গোলের অনুভূতি প্রকাশ করেন তিনি।
“আর্জেন্টিনার জার্সিতে প্রথম গোল করতে পেরে আমি দারুণ রোমাঞ্চিত। এটি অনন্য এক অনুভূতি।"
নিজের প্রথম গোলের পেছনে দলের সহকারী কোচ ও এক সময়ের ডিফেন্ডার সামুয়েলের দেওয়া পরামর্শের কথা বলেন লিসান্দ্রো।
“কর্নারের সময় আমাকে দ্বিতীয় পোস্টের কাছে চলে যেতে বলেছিলেন ওয়াল্তার। আমি সেটিই করেছি। সেখান থেকে আমি এটি করতে পেরেছি। এটি পুরোপুরি সঠিক ছিল।”
পায়ের চোটে ২০২৩-২৪ মৌসুমে ছয় মাসের বেশি মাঠের বাইরে বসে কাটান লিসান্দ্রো। সেই সময় পেছনে ফেলে আর্জেন্টিনার হয়ে এখন সেরা ছন্দে দেখা যাচ্ছে তাকে।
এক গোলে এগিয়ে থাকা অবস্থায় ৭৮তম মিনিটে লিসান্দ্রোকে তুলে নেন লিওনেল স্কালোনি। ম্যাচ শেষে গোলের জন্য উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি বাড়তি সতর্কতার কথাও বলেন আর্জেন্টিনা কোচ।
“লিসান্দ্রো মার্তিনেসের জন্য আমি খুবই খুশি। সে দারুণ ম্যাচ খেলেছে। ওর ওপর অনেক চাপ হয়ে যাচ্ছিল। তাই আমি ওকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।”
