১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

রেয়ালের সাবেক ডিফেন্ডার কার্ভাহাল এখন গেতাফের

কয়েক মাসের মধ্যে সাবেক ক্লাবের মুখোমুখি হওয়ার সুযোগও পেয়ে যাবেন এই ডিফেন্ডার।

রেয়ালের সাবেক ডিফেন্ডার কার্ভাহাল এখন গেতাফের

নতুন ক্লাবের অনুশীলনে দানি কার্ভাহাল। ছবি: গেতাফে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Oct 2026, 05:56 PM

Updated : 13 Oct 2026, 05:56 PM

ইউরোপের সফলতম ক্লাব রেয়াল মাদ্রিদে ১৩ মৌসুম কাটিয়ে কয়েক মাস ধরে ঠিকানাবিহীন ছিলেন দানি কার্ভাহাল। অবশেষে নতুন ক্লাব খুঁজে পেলেন তিনি। তাকে স্বল্পমেয়াদী চুক্তিতে দলে টানল গেতাফে।

৩৪ বছর বয়সী এই রাইট-ব্যাকের সঙ্গে চলতি মৌসুমের বাকি সময়ের জন্য চুক্তি করার কথা মঙ্গলবার জানিয়েছে স্প্যানিশ ক্লাবটি।

রেয়াল মাদ্রিদের যুব দলে বেড়ে উঠে, বায়ার লেভারকুজেনে এক মৌসুম খেলে ২০১৩ সালে শৈশবের ঠিকানায় ফিরে যান কার্ভাহাল। সেই থেকে মাদ্রিদের ক্লাবটিতে ৪৫১টি ম্যাচ খেলে ২৭টি ট্রফি জয়ের স্বাদ পান তিনি। মোট ছয়বার ইউরোপীয় ক্লাব ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা (পূর্বের ইউরোপিয়ান কাপ আর বর্তমানের চ্যাম্পিয়ন্স লিগ) জেতা পাঁচ ফুটবলারের একজন কার্ভাহাল।

স্পেন জাতীয় দলের হয়ে মোট ৫১টি ম্যাচ খেলার পথে ২০২৩ সালের উয়েফা নেশন্স লিগ ও ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও জিতেছেন তিনি।

এবারের লা লিগায় এখন পর্যন্ত আট ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে গেতাফে।

আগামী জানুয়ারিতে রেয়ালের মাঠে খেলবে গেতাফে। সেই ম্যাচ দিয়ে প্রথমবার সাবেক ক্লাবের মুখোমুখি হওয়ার সুযোগ কার্ভাহালের।