২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেম্বেলের কাছে আরও চান শাভি

বার্সেলোনা কোচ মনে করেন, দলের স্বার্থে ফরাসি ফরোয়ার্ডের আরও ধারাবাহিকভাবে অবদান রাখা উচিত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2022, 10:55 PM

Updated : 08 Oct 2022, 11:25 PM

বছরের শুরুতে যিনি হয়ে পড়েছিলেন ব্রাত্য, সেই উসমান দেম্বেলে এখন বার্সেলোনা দলের গুরুত্বপূর্ণ সদস্য। শাভি এরনান্দেসের ছায়ায় যেন আমূল বদলে গেছেন ফরাসি তারকা। গোল করছেন, করাচ্ছেন। ফরাসি ফরোয়ার্ডের খেলায় সন্তুষ্ট হলেও তার কাছে শাভির চাওয়া আরও বেশি। দেম্বেলেকে নিয়মিত ফল নির্ধারক হিসেবে দেখতে চান বার্সেলোনা কোচ।

২০১৭ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে বার্সেলোনায় পাড়ি জমানো দেম্বেলে মাঝে মধ্যে প্রতিভার ঝলক দেখালেও এই বছরের আগ পর্যন্ত কখনোই সেভাবে ধারাবাহিক হতে পারেননি। বারবার চোটের আঘাত ও ফর্মহীনতায় নিজেকেই যেন হারিয়ে ফেলেছিলেন তিনি। ক্লাবের প্রতি তার আনুগত্য নিয়েও প্রশ্ন উঠেছিল।

গত জানুয়ারির দলবদলে তাকে নতুন ঠিকানা বেছে নিতেও বলা হয়। তবে তিনি থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। ক্রমে হয়ে ওঠেন দলের গুরুত্বপূর্ণ সদস্য। গত জুলাইয়ে দুই বছরের নতুন চুক্তি করার পর চলতি মৌসুমেও ভালো খেলছেন ২৫ বছর বয়সী দেম্বেলে।

২০২২-২৩ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১০ ম্যাচে গোল করেছেন দুটি, পাশাপাশি চারটি অ্যাসিস্ট।

গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে ‘সি’ গ্রুপে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি দেম্বেলে। তারা হেরে যায় ১-০ গোলে।

লা লিগায় রোববার সেল্তা ভিগোর বিপক্ষে খেলবে বার্সেলোনা। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে শাভি বললেন, দলের স্বার্থে দেম্বেলেকে আরও ধারাবাহিক হতে হবে।

“আমি কোচ হয়ে আসার পর থেকে তার পেশাদারিত্ব নিয়ে আমরা খুব খুশি, আমরা তাকে কিছুটা ভালোবাসা ও আত্মবিশ্বাস দিয়েছি এবং সে তার প্রতিদান দিয়েছে।”

“তাকে প্রতিটি ম্যাচেই পার্থক্য গড়ে দিতে হবে, সে এটা করতে পারে। তার নিজের ওপর আরও বেশি বিশ্বাস রাখতে হবে। তাকে আরও গোল করতে হবে, আরও অ্যাসিস্ট করতে হবে এবং প্রতিটি ম্যাচে তার আরও বেশি দিতে হবে। সে পার্থক্য গড়ে দিচ্ছে। সেটা আরও বেশি হতে হবে, প্রতিটি ম্যাচে, প্রতি মুহূর্তে।”

লিগে ৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে শীর্ষে আছে বার্সেলোনা। সমান পয়েন্ট নিয়ে দুই নম্বর স্থানে আছে রিয়াল মাদ্রিদ।