২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার বিশ্ব অ্যাথলেটিক্সে নিরাজের ইতিহাস

নিরাজের রুপা জয়ের মধ্য দিয়ে বিশ্ব অ্যাথলেটিক্সে ১৯ বছরের পদক খরা কাটল ভারতের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2022, 06:58 PM

Updated : 24 Jul 2022, 06:58 PM

অ্যাথলেটিক্সে ভারতকে প্রথম অলিম্পিক সোনার পদক জেতানো নিরাজ চোপড়া নতুন ইতিহাস গড়েছেন। প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপার পদক জিতেছেন এই জ্যাভেলিন থ্রোয়ার।

জ্যাভেলিন থ্রোয়ে (বর্ষা নিক্ষেপ) রোববার ৮৮.১৩ মিটার দূরত্ব পার করে দ্বিতীয় হন নিরাজ। ৯০.৫৪ মিটার পার করে সেরা গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স।

নিরাজের রুপা জয়ের মধ্য দিয়ে বিশ্ব অ্যাথলেটিক্সে ১৯ বছরের পদক খরা কাটল ভারতের। ২০০৩ সালে প্যারিসে অনুষ্ঠিত আসরে দেশটির অঞ্জু ববি মেয়েদের লং জাম্পে ব্রোঞ্চ পদক জিতেছিলেন। বিশ্ব অ্যাথলেটিক্সে সেটাই ছিল ভারতের প্রথম পদক।

পদক জয়ের পর স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার (এসএআই) শেয়ার করা ভিডিওতে নিজের অনুভূতি জানান নিরাজ।

“ভারতকে রুপার পদক এনে দিতে পেরে আমার খুব ভালো লাগছে। পরের বছর আরেকটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ আছে, আমি সেখানে আরও ভালো করার চেষ্টা করব।”

গত বছর টোকিও অলিম্পিকসে ছেলেদের জ্যাভেলিন থ্রোয়ে সোনা জিতেছিলেন নিরাজ। অলিম্পিকসে একক কোনো ইভেন্টে সোনা জেতা ভারতের দ্বিতীয় অ্যাথলেট তিনি।