১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুরাসাওয়ের দায়িত্বে ফিরে আটফোকাটের সামনে ইতিহাসের হাতছানি

নাটকীয় পালাবদলে বিশ্বকাপের আগে দেড় লাখ জনসংখ্যার দেশটির কোচের দায়িত্বে ফিরলেন ৭৮ বছর বয়সী ডাচ কোচ।

কুরাসাওয়ের দায়িত্বে ফিরে আটফোকাটের সামনে ইতিহাসের হাতছানি
বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী কোচ হবেন ডিক আটফোকাট। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2026, 11:53 PM

Updated : 26 Aug 2026, 03:36 PM

কয়েক দিনের নাটকীয় পালাবদলে কুরাসাওয়ের কোচের পদে ফিরলেন ডিক আটফোকাট। তার কোচিংয়েই আসন্ন বিশ্বকাপ অভিযানে যাবে দেড় লাখ জনসংখ্যার দেশটি আর তিনিই হবেন টুর্নামেন্টটির ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী কোচ।

৭৮ বছর বয়সী আটফোকাটের হাত ধরেই গত নভেম্বরে বিশ্বকাপের মূল পর্বের টিকেট পায় ক্যারিবিয়ান সাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্রটি। বিশ্বকাপে জায়গা করে নেওয়া সবচেয়ে কম জনসংখ্যার দেশ তারাই। 

মেয়ের অসুস্থতার কারণে গত ফেব্রুয়ারিতে দায়িত্ব ছেড়ে দেন এই ডাচ কোচ। তার জায়গায় আসেন আরেক ডাচ কোচ ফ্রেড রাটান। কিন্তু গত মার্চে দুটি ম্যাচে চীনের বিপক্ষে ২-০ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫-১ গোলে হারের পর রাটানের বিরুদ্ধে খেলোয়াড়দের অসন্তোষের গুঞ্জন ওঠে।

ফেডারেশনের প্রধান পৃষ্ঠপোষক ও খেলোয়াড়দের পক্ষ থেকে আটফোকাটকে ‘পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনার দাবির প্রেক্ষাপটে চাপের মুখে’ গত সোমবার পদত্যাগ করেন রাটান।

কুরাসাও ফেডারেশনের সভাপতি গিলবার্ট মার্টিনা যদিও প্রথমে রাটানের সমর্থনে বিবৃতি দিয়ে কোচ পরিবর্তনের দাবি নাকচ করে দেন। কিন্তু পরিস্থিতি আঁচ করতে পেরে পদত্যাগ করেন ৬৩ বছর বয়সী রাটান। পরদিনই আটফোকাটকে ফেরানোর কথা জানানো হলো।

মার্টিনা সোমবার আটফোকাটকে ফোন করেন, এরপর মঙ্গলবার তার ফিরে আসা নিয়ে একটি সমঝোতা হয় দুই পক্ষের।

নেদারল‍্যান্ডস, বেলজিয়াম, দক্ষিণ কোরিয়া, পিএসভি আইন্দহোভেন, রেঞ্জার্স, সান্ডারল‍্যান্ডসহ অসংখ্য দলকে কোচিং করানো আটফোকাটের তৃতীয় বিশ্বকাপ হবে এটি। তার কোচিংয়ে ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলেছিল নেদারল্যান্ডস, ২০০৬ সালের জার্মানির আসরে দক্ষিণ কোরিয়া।

সহজেই বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী কোচ হবেন আটফোকাট। সব ঠিক থাকলে তিনি ভেঙে দেবেন জার্মান কোচ অটো রিহাগেলের রেকর্ড, ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের গ্রুপ পর্বে গ্রিসের শেষ ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে দায়িত্ব পালনের সময় যার বয়স ছিল ৭১ বছর ৩১৭ দিন।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপে আগামী ১৪ জুন চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে কুরাসাও। ‘ই’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ একুয়েডর ও কোত দি ভোয়া।