Published : 11 Sep 2026, 08:13 PM
হামজা আব্দেলকারিমকে পাকাপাকিভাবে দলে নেওয়ার তিন মাসের মধ্যে তার চুক্তির মেয়াদ বাড়াল বার্সেলোনা। ২০৩০ সালের জুন পর্যন্ত কাম্প নউয়ে থাকবেন ১৮ বছর বয়সী এই মিশরীয় ফরোয়ার্ড।
গত জানুয়ারিতে আল আহলি থেকে ধারে বার্সেলোনায় যোগ দেন আব্দেলকারিম। মৌসুম শেষে তাকে কিনে নেওয়ার সুযোগ রাখা হয় চুক্তিতে। সেই সুযোগ কাজে লাগিয়ে গত জুনে বিশ্বকাপের মাঝে তার সঙ্গে ২০২৯ সালের জুন পর্যন্ত চুক্তি করে কাতালান ক্লাবটি।
চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর কথা শুক্রবার জানায় টানা দুইবারের লা লিগা চ্যাম্পিয়নরা।
গত মৌসুমে বার্সেলোনা অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ১১ ম্যাচে একটি হ্যাটট্রিকসহ মোট ৬ গোল করেন আব্দেলকারিম।
চলতি মৌসুমে তিনি বার্সেলোনার মূল দলে যোগ দেন। প্রাক-মৌসুমে চারটি গোল তিনিই ছিলেন দলের সর্বোচ্চ গোলদাতা। গত ৩১ অগাস্ট কাম্প নউয়ে লা লিগায় রায়ো ভাইয়েকানোর বিপক্ষে ম্যাচ দিয়ে বার্সেলোনার হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে অভিষেক হয় তার।