লিগের শিরোপা লড়াইয়ে আর ভুল করার সুযোগ দেখেন না আনচেলত্তি
ম্যানচেস্টার সিটির বিপক্ষে দলের দারুণ পারফরম্যান্সের পুনরাবৃত্তি জিরোনার বিপক্ষেও দেখতে চান রেয়াল মাদ্রিদ কোচ।
দারুণ জমে উঠেছে লা লিগার শিরোপা লড়াই। শীর্ষ তিন দলের মধ্যে ব্যবধান স্রেফ এক পয়েন্টের। রেয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির মতে, লিগ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে পা হড়কানোর কোনো সুযোগ নেই।
২৪ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। সমান পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থেকে দুইয়ে রেয়াল মাদ্রিদ। ৫০ পয়েন্ট নিয়ে তিনে আছে আতলেতিকো মাদ্রিদ।
বার্সেলোনা ও আতলেতিকো আলাদা ম্যাচে মাঠে নামবে শনিবার। রোববার সান্তিয়াগো বের্নাবেউয়ে জিরোনার মুখোমুখি হবে রেয়াল।
বের্নাবেউয়েই গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্লে-অফের ফিরতি লেগে ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে নকআউট পর্বে জায়গা করে নেয় রেয়াল। দারুণ এক হ্যাটট্রিক করেন কিলিয়ান এমবাপে।
তবে এই মাসে লা লিগায় তিন ম্যাচ খেলে একটিও জিততে পারেনি রেয়াল। এস্পানিওলের বিপক্ষে ১-০ গোলে হারের পর আতলেতিকো ও ওসাসুনার সঙ্গে ১-১ ড্র করেছে শিরোপাধারীরা। ওসাসুনার বিপক্ষে লাল কার্ড দেখে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন মিডফিল্ডার জুড বেলিংহ্যাম।
জিরোনা ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বললেন, ম্যানচেস্টার সিটির বিপক্ষে দলের দারুণ পারফরম্যান্সের পুনরাবৃত্তি আসছে ম্যাচেও দেখতে চান তিনি।
“মৌসুমের গুরুত্বপূর্ণ মুহূর্তের একটি ম্যাচ। সিটির বিপক্ষে আমরা ভালো খেলেছি এবং সেটারই পুনরাবৃত্তি করতে হবে আমাদের। আমরা (মৌসুমে) এমন এক পর্যায়ে পৌঁছেছি, যেখানে ভুল করা যাবে না।”
লিগে নিজেদের সবশেষ তিন ম্যাচেই রেফারির কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে রেয়াল। ভাগ্যকেও কিছুটা দায় দিলেন আনচেলত্তি।
“আমাদের কিছুটা দুর্ভাগ্য ছিল। তিনটি ম্যাচে আমরা বেশ ভালো খেলেছি, এস্পানিওলের বিপক্ষে একটু কম ভালো, আতলেতিকোর বিপক্ষে বেশি এবং ১০ জন খেলোয়াড় নিয়ে ওসাসুনার বিপক্ষে ভালো খেলেছি। আমাদের এগিয়ে যেতে হবে।”
আনচেলত্তির বিশ্বাস, এবার শিরোপা লড়াই চলমান থাকবে লিগের শেষ দিন পর্যন্ত।
“স্পেনের চেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগ খুঁজে পাওয়া কঠিন। ইতালিতে খুব বেশি দল প্রতিদ্বন্দ্বিতা করছে না (শীর্ষস্থানের জন্য), আর ইংল্যান্ডে আছে লিভারপুল। আমাদের এখানে তিনটি দল আছে, যাদের মধ্যে ব্যবধান এক পয়েন্টের। এই লিগের শিরোপা শেষ দিন নির্ধারণ হবে।”
