২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সেদিন তারা আমাকে খেলতে দেয়নি’, মেসির মনে ক্ষোভের আগুন

মাঠে ফিরে রোমাঞ্চকর জয়ের পরও সেই নিষেধাজ্ঞার ব্যাপারটি মেনে নিতেই পারছেন না লিওনেল মেসি।

‘সেদিন তারা আমাকে খেলতে দেয়নি’, মেসির মনে ক্ষোভের আগুন
জয়ের স্বস্তির পাশাপাশি ক্ষোভের আগুনও আছে মেসির।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2025, 01:50 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

নিষেধাজ্ঞার পর পেরিয়ে গেছে কয়েকটি দিন। লিওনেল মেসি আবার মাঠেও ফিরেছেন। কিন্তু তার ভেতরে ক্ষোভের আগুন এখনও জ্বলছে। নিষিদ্ধ হওয়ার ব্যাপারটি তিনি যেন মানতেই পারছেন না। লিগস কাপে নাটকীয় জয়ের পর ইন্টার মায়ামি অধিনায়কের প্রতিক্রিয়াতেও তা ফুটে উঠল।

মেজর লিগ সকারের অল স্টার দলের হয়ে ম্যাচ না খেলায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল মেসি ও তার ক্লাব সতীর্থ জর্দি আলবাকে। মেজর লিগ সকারের দীর্ঘদিনের নিয়ম অনুযায়ী, চোট না পেলে লিগ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কেউ এই ম্যাচ থেকে সরে যেতে পারবেন না। গত বুধবার এফসি সিনসিনাটির বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি এই দুই তারকা। ম্যাচটি ড্র করে মায়ামি।

নিষেধাজ্ঞার সিদ্ধান্তের পর মায়ামির স্বত্বাধিকারীদের একজন হোর্হে মাস বলেছিলেন, এই ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ মেসি। তিনি জানান, প্রদর্শনী ম্যাচ না খেলায় কেন প্রতিযোগিতামূলক ম্যাচে নিষিদ্ধ হবে, এটা বুঝতে পারছেন না মেসি-আলবা কেউই। 

এরপর বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে লিগস কাপের ম্যাচ দিয়ে মাঠে ফেরেন দুজনই। রোমাঞ্চকর লড়াইয়ে মেক্সিকোর ক্লাব আতলাস এফসিকে ২-১ গোলে হারায় মায়ামি। গোল না পেলেও দুটি গোলই আসে মেসির পাস থেকে।

ম্যাচের পর মেসি বললেন, আগের ম্যাচ খেলতে না পারায় এ দিন তিনি মানিয়ে নিতে ধুঁকেছেন, বিশেষ করে প্রথমার্ধে। 

“সত্যিটা হলো, এই গরমে আমার কাজটা কঠিন এবং বিশেষ করে, আগের ম্যাচে খেলতে না পারায়। যদিও বিশ্রামকে ভালো মনে হয়, তবে আমার জন্য এটা সবচেয়ে খারাপ, কারণ আমার জন্য লড়াই করা জরুরি। আমি যত ম্যাচ খেলি, ততই ভালো অনুভব করি এবং ছন্দে থাকি।”

“সেদিন তারা আমাকে খেলতে দেয়নি এবং আজকে প্রথমার্ধে সেই ঘাটতি অনুভব করেছি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, শেষ পর্যন্ত আমরা জিতেছি।”

এই ম্যাচ দিয়ে লিগস কাপের নতুন আসরে শুভ সূচনা করেছে মায়ামি। ২০১৯ সাল থেকে হয়ে আসা টুর্নামেন্ট বড় আকারে নতুন করে শুরু হয় ২০২৩ সালে। সেবার চ্যাম্পিয়ন হয় মায়ামি। এবার আসরের ধরন বদলেছে আরও। মেক্সিকান লিগের ১৮ দলের সবকটি ও মেজর লিগ সকারের সেরা ১৮ দল, মোট ৩৬ দল লড়ছে এবারের টুর্নামেন্টে।

এই টুর্নামেন্টের প্রশংসা করে মেসি বললেন, সামনে এগিয়ে যাওয়ার পথে এই জয় হবে সহায়ক। 

“আমাদের জন্য এটা দারুণ টুর্নামেন্ট, যেখানে আমরা সবসময় লড়াই করি। মেক্সিকান দলগুলির বিপক্ষে খেলতে পারাও আমাদের জন্য কঠিন পরীক্ষা। ফরম্যাট বদলে গেছে, কাজেই আমরা উপভোগ করতে পারি এবং খেলতে পারি। দুর্দান্ত প্রতিযোগিতা এটি এবং এই জয়টি মহাগুরুত্বপূর্ণ।”