বার্সেলোনাকে নাখোশ করে পিএসজিতে যাওয়ার কারণ জানালেন তরুণ উইঙ্গার
তুমুল প্রতিভাবান এই ফুটবলারের বিশ্বাস, তার জন্য প্যারিসের এই ক্লাবই সেরা জায়গা।
সাবেক ক্লাব বার্সেলোনা ও কোচ হান্সি ফ্লিকের চাওয়া উপেক্ষা করে পিএসজিতে যোগ দিয়ে বেশ সমালোচনার মুখে পড়েন দ্রো ফের্নান্দেস। এবার ওই সিদ্ধান্ত নেওয়ার কারণ পরিষ্কার করলেন তরুণ উইঙ্গার। ক্যারিয়ারের শুরুতে লুইস এনরিকের কোচিংয়ে বেড়ে ওঠাই তার মূল লক্ষ্য।
বার্সেলোনার যুব দল থেকে উঠে আসা পেদ্রো ফের্নান্দেস বেশি পরিচিত দ্রো ফের্নান্দেস নামে। চলতি মৌসুমেই তাকে মূল দলে তুলে আনেন ফ্লিক। গত সেপ্টেম্বরে হয়ে যায় অভিষেকও। অল্প বয়সেই আলো ছড়িয়ে নজর কাড়েন তিনি।
তুমুল প্রতিভাবান এই ফুটবলারকে পেতে আগ্রহ দেখায় বেশ কয়েকটি বড় ক্লাব। বার্সেলোনা যদিও তাকে ছাড়তে রাজি ছিল না। ফ্লিক প্রকাশ্যেই তাকে ধরে রাখার ইচ্ছার কথা বলেন। কিন্তু দ্রো ঠিকানা বদলাতে যেন মরিয়া ছিলেন। তাতে প্রকাশ্যে ক্ষোভও দেখিয়েছিলেন ফ্লিক।
পরে গত মাসের শেষ সপ্তাহে পিএসজিতে যোগ দেন দ্রো। রোববার মার্সেইয়ের বিপক্ষে লিগ ম্যাচে প্রথমবার পিএসজির জার্সিতে মাঠে নামেন তিনি, ৭৫তম মিনিটে বদলি হিসেবে। ৫-০ গোলে জয়ের পর নিজের সিদ্ধান্তের কারণ জানান তিনি।
“লুইস এনরিকে অবিশ্বাস্য একজন কোচ। সবাই আমাকে বলেছে যে, তিনি অসাধারণ কোচ এবং আমার এখানে আসার এটাও একটা কারণ। তরুণ খেলোয়াড়দের ওপর তিনি অনেক আস্থা রাখেন। প্যারিসই আমার জন্য সেরা জায়গা।”
বার্সেলোনায় মূলত নিয়মিত খেলার সুযোগ না পেয়েই নাকি হতাশ হয়ে পড়েছিলেন দ্রো, এমন গুঞ্জন ছড়িয়েছিল। তবে এখানে কোনো কিছু নিয়ে তাড়াহুড়ো করতে চান না ১৮ বছর বয়সী এই ফুটবলার।
“আমাকে যতটুকু খেলার সময় দেওয়া হবে, তার সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করব। আমার কোনো তাড়া নেই। আমি কাজ করে যাব, যেন সবকিছু ঠিকঠাক এগোয় এবং আমি আরও বেশি খেলতে পারি।”
“সত্যি বলতে, এখানে সবকিছু সহজভাবে হয়েছে। এখানে আমি আসার পর থেকে মনে হয়েছে, যেন মৌসুমের শুরু থেকেই আছি এখানে। আমাকে এভাবে স্বাগত জানানোর জন্য সবাইকে ধন্যবাদ।”
