শিয়েরারের ২৬০ গোল নিয়ে এখনই ভাবতে চান না হলান্ড
সিটি স্ট্রাইকার না ভাবলেও বিষয়টা নিয়ে এখনই আলোচনা শুরু হয়ে গেছে জোরোশোরে।
ক্যারিয়ারের বয়স খুব বেশি নয়। কিন্তু রেকর্ড ভাঙা-গড়ার খেলায় এরই মধ্যে অনেক বড় নাম হয়ে উঠেছেন আর্লিং হলান্ড। প্রিমিয়ার লিগে নতুন করে লিখেছেন দ্রুততম ৫০ ও ১০০ গোলের রেকর্ড। প্রতিযোগিতাটির ইতিহাসের সর্বোচ্চ গোলের রেকর্ডও তার নিজের করে নেওয়ার সম্ভাবনা নিয়ে শুরু হয়ে গেছে আলোচনা। তবে সেটা তো অনেক দূরের পথ, তাই আপাতত তা নিয়ে ভাবতে চান না ম্যানচেস্টার সিটি তারকা।
ফুলহ্যামের বিপক্ষে মঙ্গলবার রাতে ৫-৪ ব্যবধানে জয়ের ম্যাচে শুরুতেই দলকে এগিয়ে নিয়ে প্রিমিয়ার লিগে দ্রুততম শত গোলের রেকর্ড গড়েন হলান্ড, ১১১ ম্যাচ খেলে। ভেঙে দেন ১২৪ ম্যাচে গড়া অ্যালান শিয়েরারের আগের রেকর্ড।
২০২২ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর থেকে যে ছন্দে এগিয়ে চলেছেন হলান্ড, যে গতিতে গোলসংখ্যা বাড়িয়ে চলেছেন, তাতে অনেক আগেই তার নামের পাশে জুড়ে গেছে গোলমেশিন তকমা।
দলটির হয়ে প্রথম দুই মৌসুমেই হন প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা (প্রথম মৌসুমে ৩৬ ও দ্বিতীয় মৌসুমে ২৭টি)। গত মৌসুমে ছিলেন একটু ফ্যাকাসে, তারপরও ২২ গোল করে ছিলেন তালিকার তিন নম্বরে। আর এবার ফের ছুটছেন আপন মহিমায়; ১৪ ম্যাচে ১৫ গোল করে আছেন তালিকার শীর্ষে।
গোলমুখে তার এমন দাপট ও ধারাবাহিক পারফরম্যান্সের কারণে স্বাভাবিকভাবে এবার জোরেশোরে শুরু হয়েছে আলোচনা, প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙতে পারবেন হলান্ড? ২৬০ গোল করে প্রায় দুই দশক ধরে রেকর্ডটি ইংলিশ গ্রেট শিয়েরারের দখলে।
ম্যাচের পর এ বিষয়ে স্কাই স্পোর্টসের প্রশ্নে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় হলান্ড বলেন, “এটা সম্পর্কে আমি জানি। তবে এটা নিয়ে আমি খুব একটা ভাবি না।”
চলতি মৌসুমের শুরু থেকে নিয়মিত গোল করে আসছেন হলান্ড, ক্লাব ও জাতীয় দল সবখানেই। কিন্তু এর মাঝেই সব প্রতিযোগিতা মিলিয়ে গত মাসের শেষ তিন ম্যাচে গোল পাননি তিনি। অনেক ফরোয়ার্ডের জন্য এটা হয়তো তেমন কোনো বিষয়ই নয়, কিন্তু হলান্ড বলেই হয়তো তার ওই ছোট্ট ‘গোল খরা’ নিয়ে আলোচনা হতে থাকে।
তার কাছে দল ও সমর্থকরা প্রতি ম্যাচেই গোল আশা করে, এটা বাড়তি চাপ কি-না, এমন প্রশ্নের উত্তরে হলান্ড বলেন, বিষয়টা এভাবে দেখতে চান না তিনি।
“আমি ওই শব্দগুলো বলতে চাই না। তবে ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার হলে আপনাকে দারুণ সব সংখ্যা যোগ করতে হবে।”
“এটাই আমার দায়িত্ব। আমি তা করতে না পারলে মানুষ আমার সমালোচনা করবে। সবাই এমনটাই করে থাকে। দিনশেষে, আমাকে অবদান রাখতে হবে।”
১৪ ম্যাচে ৯ জয় ও ১ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিটি। তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে এক ম্যাচ কম খেলা আর্সেনাল।
