১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

৯৫০ গোল ছুঁয়ে লক্ষ‍্যের আরও কাছে রোনালদো

টানা চার ম‍্যাচে গোল করলেন পর্তুগিজ মহাতারকা।

৯৫০ গোল ছুঁয়ে লক্ষ‍্যের আরও কাছে রোনালদো
আল হাজেমের বিপক্ষে ক‍্যারিয়ারের ৯৫০তম গোল করলেন ক্রিস্তিয়ানো রোনালদো। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2025, 11:34 AM

Updated : 26 Aug 2026, 02:32 PM

হাজার গোলের লক্ষ‍্যের দিকে আরেক ধাপ এগিয়ে গেলেন ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকার মতো জালের দেখা পেলেন জোয়াও ফেলিক্স। আল হাজেমের বিপক্ষে সহজ জয় পেল আল নাস্র। 

সৌদি প্রো লিগে শনিবার রাতে ২-০ গোলে জিতেছে আল নাস্র। 

প্রতিপক্ষের মাঠে আক্রমণাত্মক ফুটবলে শুরু থেকে সুযোগ তৈরি আল নাস্র। কিংসে কোমান ও অ‍্যাঞ্জেলোর দুটি চেষ্টা রুখে দেন আল হাজেম গোলরক্ষক ব্রুনো ভারেলা। 

২৫তম মিনিটে আর পারেননি ভারেলা। আইমান ইয়াহিয়ার ক্রসে সবার উপরে লাফিয়ে চমৎকার হেডে জাল খুঁজে নেন ফেলিক্স। 

৬ ম‍্যাচে পর্তুগিজ ফরোয়ার্ডের গোল হল ৯টি। প্রথম ৬ ম‍্যাচে সৌদি প্রো লিগে সর্বোচ্চ গোলের তালিকায় তিনি বসলেন আলেকসান্দার মিত্রোভিচের পাশে। ২০২৪ সালে এই কীর্তি গড়েছিলেন তিনি। 

বিরতির আগে ব‍্যর্থ হয় ফেলিক্স ও অ‍্যাঞ্জেলোর দুটি চেষ্টা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই জালের দেখা পেয়ে যেতে পারতেন রোনালদো। তবে দুর্দান্ত সেভে তাকে হতাশ করেন ভারেলা। 

৮৮তম মিনিটে ঠিকই জাল খুঁজে নেন রোনালদো। ওয়েজলির ক্রসে রোনালদোর শট মাটিতে ড্রপ খেলে গোলরক্ষক ভারেলার মাথার উপর দিয়ে জড়ায় জালে। 

চলতি মৌসুমে লিগে এটি রোনালদোর ষষ্ঠ গোল। আল নাস্রের হয়ে টানা চার ম‍্যাচে জালের দেখা পেলেন তিনি। আইএফএফএইচএসের হিসাব অনুযায়ী রোনালদোর ক‍্যারিয়ার গোল হল ৯৫০টি। ৯০০ গোল নেই আর কারও। ৮৯১ গোল নিয়ে রোনালদোর অনেকটা পেছনে থেকে দুই নম্বরে আছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।  

৬ ম‍্যাচে টানা ষষ্ঠ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে আল নাস্র।