কোচিং ক্যারিয়ারে নতুন অধ্যায়ে পিরলো
ডাগআউটে পেছনের সব হতাশা মুছে দেওয়ার লক্ষ্যে আরব আমিরাতে নতুন চ্যালেঞ্জ নিলেন সাবেক ইতালিয়ান ফুটবলার।
ডাগআউট থেকে প্রায় এক বছর দূরে থাকার পর আবার কোচিংয়ে ফিরছেন আন্দ্রেয়া পিরলো। সংযুক্ত আরব আমিরাতের ক্লাব ইউনাইটেড এফসির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সাবেক ইতালিয়ান মিডফিল্ডার।
বর্তমানে আরব আমিরাত ফুটবলের দ্বিতীয় বিভাগের ক্লাবটি শুক্রবার পিরলোকে নিয়োগ দেওয়ার কথা জানায়। ওই বিবৃতিতে চুক্তির মেয়াদের বিষয়ে অবশ্য কিছু জানানো হয়নি।
ইতালির হয়ে ২০০৬ বিশ্বকাপ জয়ী এবং তার প্রজন্মের সেরা মিডফিল্ডারদের একজন পিরলো পেশাদার ফুটবল ছাড়ার পর, ২০২০ সালে ইউভেন্তুসের বয়সভিত্তিক দলের হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন।
পরের বছর ইউভেন্তুসের মূল দলের দায়িত্ব নেন, সেখানে দুটি শিরোপাও জেতেন তিনি। তবে পরের বছরই ‘পারস্পরিক সমঝোতায়’ তার সঙ্গে চুক্তি শেষ করে সেরি আর সফলতম ক্লাবটি। পরে আরও দুটি ক্লাবে কোচিং করান তিনি; কিন্তু কোনোখানেই তার সময়টা সুখকর হয়নি।
সবশেষ ২০২৪ সালের অগাস্টে সাম্পদোরিয়ায় চাকরি হারানোর পর থেকে কোচিংয়ের বাইরেই ছিলেন পিরলো। প্রায় ১১ মাস পর নতুন চ্যালেঞ্জে ডাগআউটে ফিরছেন ৪৬ বছর বয়সী সাবেক ফুটবলার।
