দলে রেয়ালের খেলোয়াড় না থাকা প্রসঙ্গে যা বললেন স্পেন কোচ
বিশ্বকাপের দল ঘোষণার পর স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে বললেন, এখানে সবাই জাতীয় দলের খেলোয়াড়, কোনো ক্লাবের নয়।
কেবল পারফরম্যান্স দেখেই দল গঠন করেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। খেলোয়াড় কোন ক্লাবে খেলে, তা দেখেন না তিনি। এই দর্শনেই ২০২৬ বিশ্বকাপের দল ঘোষণা করেছেন অভিজ্ঞ কোচ। সেখানে রেয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়ের কেন জায়গা হয়নি, সংবাদ সম্মেলনে দিলেন এর ব্যাখ্যা।
১৯৫০ আসরের পর প্রথমবার বিশ্বকাপে স্পেন দলে নেই দেশের সফলতম ক্লাব রেয়ালের কোনো প্রতিনিধি। সবশেষ আসরে ছিলেন ক্লাবটির কেবল দুইজন- দানি কার্ভাহাল ও মার্কো আসেন্সিও।
এবার ডিফেন্ডার ডিন হাউসেনের থাকার সম্ভাবনা নিয়ে আলোচনা ছিল স্প্যানিশ গণমাধ্যমে। কখনও কখনও তরুণ স্ট্রাইকার গন্সালো গার্সিয়ার নামও এসেছিল। কিন্তু তাদের কাউকেই দলে নেননি দে লা ফুয়েন্তে।
“রেয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড় কেন দলে নেই? আমি দেখতে যাই না, কোন খেলোয়াড় কোন ক্লাব থেকে এসেছে। আমি কেবল দেখি, সে আমাদের সঙ্গে খেলতে সক্ষম কিনা। এরা সবাই জাতীয় দলের খেলোয়াড়, কোনো নির্দিষ্ট ক্লাবের নয়। আমার মনে হয় না, আমার কোনো গোপন উদ্দেশ্য আছে। আমি কাউকে উপদেশ দিতে পারি না। আমি কেবল চাই, দেশকে প্রতিনিধিত্ব করে ছেলেরা গর্বিত হোক।”
দুই চির প্রতিদ্বন্দ্বী দল রেয়াল ও বার্সেলোনার বিপরীত চিত্র দেখা গেল স্পেন দলে। টানা দুইবার লা লিগার শিরোপা জয়ী দলটির আট খেলোয়াড় আছে স্কোয়াডে। এর ব্যাখ্যাও দিলেন দে লা ফুয়েন্তে।
“আমি জানি না, বার্সেলোনা থেকে আট জন না কত জন আছে। এরা সবাই জাতীয় দলের খেলোয়াড়। তারা কোন ক্লাবে খেলে, সেটাকে আমি গুরুত্ব দেই না।
চোটের জন্য মৌসুমের লম্বা একটা সময় মাঠের বাইরে ছিলেন গাভি। মাঠে ফিরে এখনও পুরোপুরি নিজেকে ফিরে পাননি গাভি। তবুও বিশ্বকাপ দলে জায়গা পেয়ে আপ্লুত হয়ে পড়েন তিনি। তার প্রতিক্রিয়া ছুঁয়ে গেছে কোচকেও।
“তালিকায় নাম দেখে গাভি কেঁদেছে? আমিও কাঁদতে শুরু করব। এটা আমাদের দলের মানবিক দিকটা দেখাচ্ছে। এটা ফুটবলীয় বিষয়গুলোর মতোই সমান গুরুত্বপূর্ণ।”
“আমি সত্যিই গাভির চোট নিয়ে আপসেট ছিলাম। সে দলের প্রাণ আর তার ফুটবলীয় সামর্থ্য নিয়ে আপনাদের আমার কিছু বলার প্রয়োজন নেই। সে অনেক পজিশনে খেলার সামর্থ্য রাখে। সে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন।”
প্রায় এক মাস আগেই দল প্রায় চূড়ান্ত করে ফেলেছিলেন দে লা ফুয়েন্তে। চোটের জন্য শেষ সময়ে বার্সোলান মিডফিল্ডার ফের্মিন লোপেস ছিটকে যাওয়ায় হতাশ তিনি। তার কাছে সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল এক ঝাঁক বিশ্বমানের গোলরক্ষকের মধ্যে কেবল তিনজনকে বেছে নেওয়া।
ছন্দে থাকা গোলরক্ষক আলেক্স রেমিরোকে দলে নিতে না পারা ছিল দে লা ফুয়েন্তের কঠিনতম সিদ্ধান্ত। কঠিনতম কাজ ছিল খেলোয়াড়দের ফোন করে জানানো যে, এই বিশ্বকাপে তাদের জায়গা হচ্ছে না।
এই আসরে জায়গা হয়নি অভিজ্ঞ ডিফেন্ডার দানি কার্ভাহাল ও স্ট্রাইকার আলভারো মোরাতার। নিজ নিজ দলে এই মৌসুমে নিয়মিত খেলতে পারেননি তারা। তাদের জন্য দুয়ার পুরোপুরি বন্ধ করে দেননি দে লা ফুয়েন্তে।
“দানি ও আলভারো খুব গুরুত্বপূর্ণ। আশা করি, ভবিষ্যতে তারা খেলে যাবে। নেতৃত্বের ক্ষেত্রে তারা দারুণ লেগ্যাসি রেখে গেছে। তবে পরবর্তী প্রজন্মও সামর্থ্যবান। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।”
