১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘বার্সেলোনায় নিখুঁতভাবে মানিয়ে যাবে আলভারেস’

বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ডকে পাওয়াটা যে কোনো দলের জন‍্যই খুব ভালো হবে বলে মনে করেন সের্হিও আগুয়েরো।

‘বার্সেলোনায় নিখুঁতভাবে মানিয়ে যাবে আলভারেস’
হুলিয়ান আলভারেস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2026, 10:28 PM

Updated : 26 Aug 2026, 03:26 PM

সবসময়ই বার্সেলোনা দলে থাকেন সময়ের সেরা স্ট্রাইকারদের একজন। এখন আছেন রবের্ত লেভানদোভস্কি, তবে নিজের সেরা সময় পেছনে ফেলে এসেছেন তিনি। বার্সেলোনায় তার ভবিষ‍্যৎ এখনও অনিশ্চিত। সব মিলিয়ে স্প‍্যানিশ চ‍্যাম্পিয়নদের জন‍্য একজন নিখাদ স্ট্রাইকার প্রয়োজন হবে। সের্হিও আগুয়েরো মনে করছেন, গোলের জন‍্য বার্সেলোনার সমাধান হতে পারেন হুলিয়ান আলভারেস। 

আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকার আগুয়েরো তার ক‍্যারিয়ার শেষ করেন বার্সেলোনার হয়ে। স্পেনের ক্লাবটির হয়ে অবশ‍্য বেশিদিন খেলতে পারেননি তিনি। হার্টের সমস‍্যায় আগেভাগেই ক‍্যারিয়ারের ইতি টানতে বাধ‍্য হন এই তারকা ফুটবলার। 

তার স্বদেশীয় স্ট্রাইকার আলভারেস এখন খেলছেন আতলেতিকো মাদ্রিদে। তার সম্পর্কে বার্সেলোনার আগ্রহের কথা অনেকবারই এসেছে স্প‍্যানিশ গণমাধ‍্যমে। বার্সেলোনা ক্লাবের পক্ষে থেকে অবশ‍্য কখনও তেমন কোনো আভাস দেওয়া হয়নি।

তবে বাজিকর প্রতিষ্ঠান স্ট‍্যাকের সঙ্গে আলাপচারিতায় আগুয়েরো বলেন, একজন স্ট্রাইকারের সন্ধানে থাকলে বার্সেলোনার জন‍্য সেরা সমাধান হতে পারেন আলভারেস। 

“হুলিয়ান এখন যে কোনো দলের জন‍্য ভালো চুক্তি হবে।”

“অবশ‍্যই দেখতে হবে, খেলোয়াড় নিজে বার্সেলোনায় স্বচ্ছন্দ কি না। একটা দিক খেলোয়াড়ের, অন‍্যটা ক্লাবের। যদি সব ভালোভাবে যায়, একদিন সে চ‍্যাম্পিয়ন্স লিগে চ‍্যাম্পিয়ন হবে।”

বার্সেলোনায় যে অনেক চাপ ও চাহিদা থাকে ভালো, করেই জানেন আগুয়েরো। তবে তিনি নিশ্চিত, খেলার প্রতি নিবেদনের জন‍্য সেখানে আলভারেসের সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। 

“খেলোয়াড়দের জন‍্য সেখানে কাজটা খুব কঠিন, খুবই জটিল।”

“যদি বার্সা তার সন্ধানে থাকে এবং সে ভালো করে, তাহলে সেখানে সে নিখুঁতভাবে মানিয়ে যাবে। সে ফুটবলকে ভালোবাসে এবং তার এমন একটা ব‍্যাপার আছে যা বেশিরভাগ স্ট্রাইকারের নেই, সেটা হলো রক্ষণের প্রতি তার নিবেদন। হুলিয়ান খুবই পরিপূর্ণ একজন খেলোয়াড়।”