২০২৬ ফুটবল বিশ্বকাপ
Published : 26 May 2026, 02:40 PM
ক্লাব ফুটবলের ব্যস্ততা সেরে বিশ্বকাপের প্রস্তুতিতে নেমে পড়েছেন খেলোয়াড়রা। সর্বোচ্চ মঞ্চে কারো লক্ষ্য প্রথম কোনো স্বাদ পাওয়ার, কারো আবার পূর্বের সাফল্যকে ছাড়িয়ে যাওয়ার। আর্জেন্টিনার জন্য চ্যালেঞ্জটা সবচেয়ে কঠিন, কারণ তারা যে বর্তমান চ্যাম্পিয়ন। লক্ষ্যে ছোটার প্রশ্নে দলটির তারকা ফরোয়ার্ড হুলিয়ান আলভারেস অবশ্য বেশ আত্মবিশ্বাসী।
আসছে বৈশ্বিক আসর ঘিরে দলগত পরিকল্পনার পাশাপাশি তিনি নিজেও গুছিয়ে নিচ্ছেন নিজের ভাবনা। ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে সেসব নিয়ে কথা বললেন আলভারেস। দলগত লক্ষ্যের প্রশ্নে জানালেন, সবসময় তাদের চাওয়া থাকে একটাই।
“একজন আর্জেন্টাইন হিসেবে, (বিশ্বকাপ ঘিরে) রোমাঞ্চ সবসময়ই থাকে এবং আমরা প্রতিবারই চ্যাম্পিয়ন হতে চাই। এবার এর ব্যতিক্রম হওয়ার কোনো কারণ নেই। আমরা ফাইনালে উঠতে চাই। জানি, এটা সহজ হবে না; এর জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ে খুব সামান্য ব্যবধানে ফল আসতে পারে। তবে আমরা যতটা সম্ভব প্রস্তুত থাকব এবং ধাপে ধাপে এগিয়ে যাব।”
“বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে এই বিশ্বকাপে খেলতে যাওয়াটাই অসাধারণ এক ব্যাপার। এজন্য আমি অনেক গর্বিত। অবশ্যই আমরা ট্রফি ধরে রাখতে চাই এবং আবারও দেশের মানুষকে আনন্দের জোয়ারে ভাসাতে চাই।”
আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করবে আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপের অন্য দুই দল হলো অস্ট্রিয়া ও জর্ডান।
আতলেতিকো মাদ্রিদ ফরোয়ার্ড আলভারেসের বিশ্বাস, এবারও তারা বিশ্বকাপ জিততে পারলে এই আর্জেন্টিনা দল ইতিহাসের মর্যাদাপূর্ণ এক জায়গায় স্থান পাবে।
“আমরা যদি বিশ্বকাপ ট্রফি ধরে রাখতে পারি, তাহলে এটা ইতিহাসের পাতায় জায়গা করে নেবে, কারণ আমরা টানা বিশ্ব চ্যাম্পিয়ন হবো, এই চলার পথে একই সঙ্গে টানা দুইবার কোপা আমেরিকাও জিতেছি আমরা।”
“গত কয়েকটা বছর আমাদের দেশের ফুটবলে সোনালী যুগ চলছে। তাই আশা করি, এমন অবিশ্বাস্য মুহূর্তের স্বাদ আমরা আরও পাব, যা আমাদের সবাইকে আরও বেশি আনন্দিত করবে।”