২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘লটারি’ জিতে আনচেলত্তি বললেন, ‘আই অ্যাম ডেড…।’

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে স্নায়ুক্ষয়ী লড়াইয়ে প্রবল চাপে পড়ার পর শেষ পর্যন্ত কোনোরকমে জিতে যেন হাঁফ ছেড়ে বেঁচেছেন রেয়াল মাদ্রিদ কোচ।

‘লটারি’ জিতে আনচেলত্তি বললেন, ‘আই অ্যাম ডেড…।’
কঠিন লড়াই জিতে হাঁফ ছেড়ে বেঁচেছেন কার্লো আনচেলত্তি। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2025, 01:47 PM

Updated : 26 Aug 2026, 12:01 PM

‘আপনি কি একদম সেরা অবস্থায় আছেন এখন?’, সিবিএস স্পোর্টসের সঞ্চালকের এই প্রশ্ন শুরুতে বুঝতে পারলেন না কার্লো আনচেলত্তি। আরেকবার বলার পর তার মুখে ফুটে উঠল হাসির রেখা। মজার ভঙ্গিতে রেয়াল মাদ্রিদ কোচ বললেন, “আই অ্যাম ডেড… ডেড, কমপ্লিটলি…।”

উচ্ছ্বাস কিংবা হতাশা, কোনো প্রতিক্রিয়ার প্রকাশই এমনিতে খুব একটা দেখা যায় না আনচেলত্তির মধ্যে। তবে রোবট তো আর নন! তার ভেতরেও ঝড় বয়ে যায়। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে এই ম্যাচে স্নায়ুক্ষয়ী লড়াইয়ে তার ভেতরেও ছিল উথালপাথাল। সেই উত্তেজনায় ‘ডেড’ হয়ে গেলেও আদতে তিনি হাঁচ ছেড়ে বেঁচেছেন। কঠিন লড়াইয়ের পর টাইব্রেকারে জিতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে পৌঁছে গেছে তার দল।

কোনোরকমে উতরে যেতে পারলেও দলের খেলা সন্তুষ্ট করতে পারেনি রেয়াল মাদ্রিদ কোচকে। 

“ম্যাচের আগে ছেলেদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম, এমনিতেই লড়াই বেশ কঠিন হবে। আমরা নিজেরা যেন আরও কঠিন করে না তুলি। কিন্তু আমরা সেটাই করেছি। অযথা বল হারিয়েছি বারবার, পজিশনের বাইরে চলে গেছি… ওরা আরেকটি গোল করতে পারলে খেলা আমাদের নাগালের বাইরে চলে যেত।”

“সময় যত গড়িয়েছে, তত ভালো খেলেছি আমরা। তবে ফোকাস ও মনোযোগে উন্নতি করতে হবে। এই ম্যাচে লড়াই হয়েছে সমান তালে। আমরা চেয়েছিলাম টাইব্রেকারের আগেই খেলা শেষ করতে। তবে এখনও আমরা টিকে আছি, লড়াই করছি এবং এই ক্লাবের প্রথাই এটি।”

টাইব্রেকারকে বরাবরই লটারির মতো মনে করেন আনচেলত্তি। এবারও তিনি বললেন সেই কথা।

“আমি এখনও মনে করি, এটা লটারির মতো। যে কোনো কিছুই হতে পারে। চেষ্টা করছে স্থির থাকতে। ব্যাপারটি যখন লটারি, তখন অস্থির হয়ে লাভ নেই। শান্ত হয়ে অপেক্ষা করতে হবে, মাঠ কী হয়।”

টাইব্রেকারে রেয়ালের জয় নিশ্চিত হয় আন্টোনিও রুডিগারের শটে। তবে সেখানে ভিন্ন ভাবনাও ছিল, জানালেন কোচ।

“শেষ শটটি এন্দ্রিককে দেব নাকি রুডিগার, এটা নিয়ে সংশয়ে ছিলাম আমরা। পরে এন্দ্রিকের মুখের দিকে তাকিয়ে বললাম, রুডিগারকেই বেছে নেওয়া হোক।”