২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিপক্ষের ফুটবলারকে ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

ওই কাণ্ডের জন্য ক্ষমা চাইলেও বড় শাস্তি এড়াতে পারলেন না এস্তেবান আন্দ্রাদা।

প্রতিপক্ষের ফুটবলারকে ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক
আলোচিত সেই ঘটনা। ছবি: স্ক্রিনশট

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2026, 10:22 PM

Updated : 26 Aug 2026, 03:31 PM

হুয়েস্কার এক খেলোয়াড়ের মুখে ঘুষি মারার দায়ে বড় শাস্তি পেয়েছেন রেয়াল সারাগোসার এস্তেবান আন্দ্রাদা। এই আর্জেন্টাইন গোলরক্ষককে ১৩ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচের ঘটনা এটি। গত রোববার দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আন্দ্রাদা দ্বিতীয় হলুদ কার্ড দেখেন, কিন্তু মাঠ ছাড়ার পরিবর্তে তিনি দৌড়ে গিয়ে হুয়েস্কার অধিনায়ক হোর্হে পুলিদোর মুখে ঘুষি মারেন। যার ফলে বড় ধরনের মারামারি শুরু হয়। আন্দ্রাদাকে নিয়ন্ত্রণে আনার পর রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর পাহারায় তাকে ড্রেসিং রুমে নিয়ে যাওয়া হয়।

স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) বুধবার আন্দ্রাদার শাস্তির কথা জানায়। ফেডারেশনের শৃঙ্খলা কমিটি রায় দিয়েছে যে, এই অপরাধের জন্য সর্বোচ্চ ১২ ম্যাচের শাস্তি প্রাপ্য। এর সঙ্গে ৩৫ বছর বয়সী এই ফুটবলারের লাল কার্ডের জন্য স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা যুক্ত হবে।

নিজের ওই কাণ্ডের জন্য পরে ক্ষমা চেয়ে বিবৃতিতে দিয়েছিলেন আন্দ্রাদা।

হাতাহাতির সময় আন্দ্রাদাকে ঘুষি মারার জন্য মাঠ থেকে বহিষ্কৃত হওয়া হুয়েস্কার গোলরক্ষক দানি হিমেনেসকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া প্রতিপক্ষের পায়ে লাথি মারার জন্য লাল কার্ড দেখা সারাগোসার দানি তাসেন্দে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন।