মেসির বিরল দিনে জিততে পারল না মায়ামি
লিওনেল মেসির চারটি শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন প্রতিপক্ষ গোলকিপার।
গোলে শটের পর শট নিচ্ছেন লিওনেল মেসি, কিন্তু বল ঢুকছে না জালে! বিরল সেই দৃশ্যই দেখা গেল ম্যাচজুড়ে। মাঝেমধ্যে যে দু-একটি ম্যাচে তাকে মনে হয় রক্ত-মাংসের মানুষ, সেই ম্যাচ। বরং তাকে বারবার হতাশ করে দুর্দান্ত পারফরম্যান্স মেলে ধরলেন প্রতিপক্ষ গোলকিপার। মেসি মানবীয় পর্যায়ে থাকলেন বলে হয়তো জয়ের দেখা পেল না ইন্টার মায়ামি।
মেজর লিগ সকারের ম্যাচে রোববার বাংলাদেশ সময় ভোরে টরন্টো এফসির মাঠে ১-১ গোলে ড্র করে মায়ামি।
দুই দলের প্লেঅফ ভাগ্যে প্রভাব পড়বে না এই ফলাফলের। মায়ামি প্লেঅফ নিশ্চিত করেছে আগেই, ছিটকে গেছে টরন্টো।
ম্যাচের ৬২ শতাংশের বেশি সময় বল নিজেদের কাছে রেখে গোলে ৯টি শট নেয় মায়ামি। লক্ষ্যে ছিল ৬টি। এর ৫টিই ঠেকিয়ে দেন টরন্টোর গোলকিপার শন জনসন। অবিশ্বাস্যভাবে, মেসিরই চারটি শট ঠেকান তিনি দুর্দান্ত দক্ষতায়।
মেসির গোলের রথ এক ম্যাচের জন্য একটু থামলেও ২৪ গোল করে লিগে এখনও সবার ওপরে তিনিই।
ম্যাচে মায়ামির একমাত্র গোলটি করেন মেসি স্বদেশী উইঙ্গার তাদেও আইয়েন্দে।
প্রথমার্ধে ম্যাচে প্রায় একচেটিয়া নিয়ন্ত্রণ ছিল মায়ামির। দ্বাদশ মিনিটে বক্সের মাথায় থেকে তরুণ আর্জেন্টাইন মিডফিল্ডার বালতাসার রদ্রিগেসের শট ঝাঁপিয়ে রক্ষা করেন টরন্টোর গোলকিপার জনসন।
মেসি প্রথম ভালো সুযোগ পান ২৯তম মিনিটে। বক্সের ভেতর সের্হিও বুসকেতসের পাস থেকে তার ডান পায়ের শট আবার ডাইভ দিয়ে বাইরে পাঠিয়ে দেন কিপার জনসন। ৪৪তম মিনিটে টরন্টোর রক্ষণের ভুলে আবার বক্সের ভেতর বিপজ্জনক জায়গায় বল পেয়ে শট নেন মেসি। এবার তার বাঁ পায়ের শট ঝাঁপিয়ে আটকে দেন টরন্টোর কিপার।
অবশেষে ৪৫ মিনিট শেষে যোগ করা সময়ে জর্দি আলবার ক্রসে হেডে গোল করে দলকে এগিয়ে নেন তাদেও আইয়েন্দে।
দ্বিতীয়ার্ধে একটু লড়াইয়ের ছাপ দেখা যায় টরন্টোর পারফরম্যান্সে। সেই চেষ্টাতেই গোল শোধ করে দেয় তারা ৬০তম মিনিটে।
এরপর আরও কয়েকটি ভালো আক্রমণে মায়ামির রক্ষণে কাঁপন ধরায় টরন্টো। মেসি আরেকটি দারুণ সুযোগ পান ৭৬তম মিনিটে। তেলাস্কো সেগোভিয়ার বুদ্ধিদীপ্ত ব্যাক হিল থেকে বল পেয়ে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে শট নেন মায়ামি অধিনায়ক। এবারও দারুণভাবে হাওয়ায় ভেসে তা বাইরে পাঠিয়ে দেন গোলকিপার জনসন।
৮৩তম মিনিটে আরেকবার গোলের খুব কাছে যান মেসি। বক্সের ঠিক বাইরে ফ্রি কিক পায় মায়ামি। মেসির বাঁ পায়ের বাঁকানো শট আবার ডাইভ দিয়ে দারুণ রিফ্লেক্সে ঠেকিয়ে দেন গোলকিপার।
শেষ পর্যন্ত আর গোল পাননি তিনি বা মায়ামি।
৩০ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে চারে এখন মায়ামি। ৩২ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে ফিলাডেলফিয়া।
