১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মেসির জন্য বার্সেলোনার দুয়ার ‘সবসময় খোলা’

বার্সেলোনার প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হওয়ার পর শান্তির বার্তা দিলেন লাপোর্তা।

মেসির জন্য বার্সেলোনার দুয়ার ‘সবসময় খোলা’
লিওনেল মেসি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2026, 07:22 PM

Updated : 26 Aug 2026, 03:11 PM

বার্সেলোনার প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হওয়ার পর হোয়ান লাপোর্তা বললেন, ক্লাবের কিংবদন্তি ও ইন্টার মায়ামি মহাতারকা লিওনেল মেসির জন্য ক্লাবের দুয়ার সবসময় খোলা। 

প্রেসিডেন্ট নির্বাচনে ৬৮ শতাংশের বেশি ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন লাপোর্তা। টানা দ্বিতীয় ও সব মিলিয়ে চতুর্থ মেয়াদে ২০৩১ পর্যন্ত দায়িত্ব থাকবেন তিনি।

কিছু দিন আগে একটি সাক্ষাৎকারে ক্লাবটির সাবেক খেলোয়াড় ও কোচ শাভি এর্নান্দেস দাবি করেন, লাপোর্তার জন্যই ২০২৩ সালে পিএসজি থেকে বার্সেলোনায় ফিরতে পারেননি মেসি। নতুন মেয়াদ শুরুর আগে লাপোর্তা আর্জেন্টিনা অধিনায়কের জন্য দুয়ার খুলে দিলেন।  

“লিও যেভাবে চায়, সেভাবেই বার্সেলোনার সঙ্গে যুক্ত হতে পারবে। এখানে তার একটি বিদায়ী ম্যাচ ও একটি ভাস্কর্য প্রাপ্য। এটা হবে খুব উল্লেখযোগ্য একটি ব্যাপার। এই স্টেডিয়ামে কেবল লাদিসলাও কুবালা ও ইয়োহান ক্রুইফের ভাস্কর্য আছে।”

“তার জন্য বার্সার দরজা সবসময় খোলা থাকবে। যখন ইচ্ছা আসবে। এতে সে এই প্রতিষ্ঠানের শক্তি বাড়িয়ে যাবে এবং মাহাত্ম্য বাড়াবে।”

কাতালান রাজনীতিক লাপোর্তা ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত বার্সেলোনার প্রেসিডেন্ট ছিলেন। ২০২১ সালে এই পদে ফেরেন তিনি। এই সময়ে বার্সেলোনায় তিনি যে পুনর্গঠন প্রক্রিয়া শুরু করেন, এর অংশ হিসেবে ক্লাব ছেড়ে পিএসজিতে যান মেসি।  

বার্সেলোনার হয়ে লা লিগায় ১০টি শিরোপা জেতেন মেসি। চ্যাম্পিয়ন্স লিগে জেতেন চারটি শিরোপা। ফ্রান্সেও শিরোপা জিতে এখন তিনি খেলছেন ইন্টার মায়ামিতে। এই ক্লাবের হয়ে জিতেছেন এমএলএস কাপ, পরপর দুই মৌসুমে জিতেছেন বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। 

বার্সেলোনার হয়ে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করেছেন মেসি, যেখানে তার ধারেকাছে নেই কেউ। ২০২২ সালে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা এই মহাতারকা অনেকবারই বলেছেন, কোনো এক পর্যায়ে প্রিয় ক্লাবে ফিরতে চান তিনি। 

গত নভেম্বরে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই কাম্প নউয়ে যান তিনি। পরদিন সামাজিক মাধ্যমে তিনি ছবি পোস্ট করলে জানাজানি হয়। 

আগামী পাঁচ বছরে বার্সেলোনার শক্তি আরও বাড়াতে চান লাপোর্তা। লা লিগায় গত আসরের চ্যাম্পিয়নরা এবারও আছে চূড়ায়। চ্যাম্পিয়ন্স লিগে গতবার শেষ চারে খেলা হান্সি ফ্লিকের দল এবার খেলছে শেষ ষোলোয়।

জার্মান কোচ হান্সি ফ্লিককে আরও লম্বা সময়ের জন্য কোচ হিসেবে চান তিনি। ক্রীড়া পরিচালক দেকোকেও ধরে রাখতে চান ফ্লিক।